এবার সমঝোতার চেষ্টায় সাংসদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ক্ষতিগ্রস্ত লোকদের কাছে সমঝোতার প্রস্তাব পাঠিয়েছেন ঠাকুরগাঁও-২ আসনের সরকারদলীয় সাংসদ দবিরুল ইসলাম। তবে ভুক্তভোগীরা একে তাঁদের ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা হিসেবে দেখছেন।
অবশ্য সাংসদ দবিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘পত্রিকায় যেসব খবর ছাপা হচ্ছে তা আমার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। এ খেলা বন্ধ করতেই হেলকেতু সিংয়ের ছেলে বুধুর কাছে প্রস্তাব পাঠিয়েছি। তবে এটাকে সমঝোতা বলা ঠিক হবে না। বুধুরামকে বলা হয়েছে, সে যদি তার জমি শনাক্ত করে দিতে পারে, তবে তা ছেড়ে দেওয়া হবে।’
গত বুধবার প্রথম আলোতে ‘সংখ্যালঘুদের জমি দখলে নেমেছেন সাংসদ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে এটি করা হয়। সঙ্গে স্থানীয় পুলিশ প্রশাসন, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও ভুক্তভোগী পরিবার এবং সাংসদ ও তাঁর ছেলের বক্তব্য প্রতিবেদনে স্থান পায়।
প্রতিবেদন প্রকাশের দিন ঐতিহাসিক তেভাগা আন্দোলনের নেতা হেলকেতু সিংয়ের ছেলে বুধুরাম সিংকে ফোন করেন বালিয়াডাঙ্গী উপজেলার হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সহসভাপতি কমল সিংহ। তিনি সাংসদ দবিরুল ইসলামের ছোট ভাই ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলীসহ কয়েকজনকে নিয়ে বুধুরামের বাড়িতে গিয়ে চা খাওয়ার এবং ‘কিছু বিষয় নিয়ে আলোচনা’র আগ্রহ প্রকাশ করেন। বুধুরাম তাঁকে বলেন, এমপি সাহেব, তাঁর ছেলে ও তাঁদের লোকজন বলে বেড়াচ্ছেন হিন্দুদের জমি দখলের কোনো ঘটনাই ঘটেনি। তবে কেন আলোচনার প্রস্তাব? অবশ্য কমল সিংহের চাপাচাপিতে গ্রামবাসীদের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত জানানোর জন্য সময় চান বুধুরাম।
বুধুরাম সিং প্রথম আলোকে বলেন, এরপর বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগের একজন স্থানীয় নেতা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কমল সিংহের মুঠোফোনে সাংসদের ভাই মোহাম্মদ আলীকে কথা বলিয়ে দেন তাঁর সঙ্গে। সাংসদের ভাইয়ের প্রস্তাবে বুধুরাম বাড়ির পাশের একটি চায়ের দোকানে গিয়ে তাঁদের সঙ্গে কথা বলেন। সেখানে গিয়ে তিনি দেখেন, উপজেলার হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কৃষ্ট মোহন, পাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক ও কমল সিংহও উপস্থিত আছেন। কথাবার্তার একপর্যায়ে মোহাম্মদ আলী বুধুরামের কাছে তাঁর অভিযোগ সম্পর্কে জানতে চান। বুধুরাম বলেন, ‘এমপি সাহেব আমার ২৭ শতক জমি দখল করে নিয়েছেন।’ তখন মোহাম্মদ আলী বলেন, ‘যদি তোমার জমি ছেড়ে দেওয়া হয়...?’ জবাবে বুধুরাম বলেন, ‘শুধু আমার জমি ছাড়লে হবে না, অকুল, ঠনরামের জমিও ছাড়তে হবে। জমির মীমাংসার আগে আশপাশের পাঁচটি গ্রামের হিন্দুদের নিরাপত্তার নিশ্চয়তা দিতে হবে। বিষয়টি নিয়ে ভাইয়ের (সাংসদ) সঙ্গে কথা বলে সিদ্ধান্ত জানাবেন বলে তিনি বুধুরামকে আশ্বস্ত করেন।
ক্ষতিগ্রস্তরা প্রথম আলোকে বলেন, তাঁরা মনে করছেন বুধুরাম সিংয়ের জমি ফেরত দিয়ে গ্রামবাসীদের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছেন সাংসদ। তবে সবার সব জমি ফেরত দিলে এবং নিরাপত্তা পেলে তাঁরা প্রস্তাবে রাজি হবেন বলে জানান।
আরেক ক্ষতিগ্রস্ত অকুল সিং বলেন, ‘আমরা এভাবে আপস-মীমাংসা করতে চাচ্ছি না। ডিসি, এসপি ও সাংবাদিকদের সামনে আপসের আলোচনা হবে। আলোচনার পর তাঁরা যা করতে বলবেন আমি তাই করব।’
পাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক বলেন, ‘সুজন (সাংসদের ছেলে) আমাকে একবার বলেছিলেন বিষয়টি মীমাংসা করে দেওয়ার জন্য। এমপি আমাদের দলের লোক, অভিযোগকারীরাও আমাদের লোক। এ চিন্তা থেকে আমি উপজেলা আওয়ামী লীগের সভাপতির (সাংসদের ভাই) সঙ্গে গিয়ে সমঝোতার চেষ্টা করেছি।’
তবে এ বিষয়ে কথা বলার জন্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদের ছোট ভাই মোহাম্মদ আলীর মুঠোফোনে যোগাযোগ করলেও তিনি ফোন ধরেননি।

প্রকাশিত সংবাদের প্রতিবাদে মানববন্ধন
সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের লোকদের জমি দখল ও তাঁদের ওপর হামলার ঘটনা নিয়ে প্রথম আলোসহ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত খবরের প্রতিবাদে গতকাল বালিয়াডাঙ্গী উপজেলা চৌরাস্তায় মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে। বালিয়াডাঙ্গী উপজেলা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন শেষে বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ দবিরুল ইসলামের ছোট ভাই মোহাম্মদ আলী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ বালিয়াডাঙ্গী উপজেলা শাখার সভাপতি কৃষ্ট মোহন সিংহসহ কয়েকটি ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যানরা বক্তব্য দেন।
এদিকে গত শুক্রবার দুটি পত্রিকায় বিজ্ঞাপন আকারে প্রতিবাদ ছাপিয়ে পত্রিকা দুটির দুই হাজার কপি বালিয়াডাঙ্গী উপজেলায় বিতরণ করেছেন সাংসদের লোকজন।
‘সংখ্যালঘুদের জমি দখলে নেমেছেন সাংসদ’ শিরোনামে গত বুধবার প্রথম আলোতে খবরটি প্রকাশিত হয়েছিল। ওই দিন প্রথম আলোর সব কপি কিনে নিয়েছিলেন সাংসদের লোকজন। ফলে উপজেলার সব পাঠক ওই দিন প্রথম আলো পাননি।
সাংসদের প্রতিবাদ: জাতীয় সংসদের প্যাডে পাঠানো এক প্রতিবাদপত্রে সাংসদ দবিরুল ইসলাম প্রকাশিত প্রতিবেদনকে সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক হীনস্বার্থ চরিতার্থ করার ঘৃণ্য চক্রান্ত বলে দাবি করেছেন। এতে বলা হয়, তাঁর টি এস্টেটের নাম ‘রনবাগ ইসলাম টি এস্টেট লিমিটেড’, ‘রনবাগ ইসলামী টি এস্টেট’ নয়। প্রতিবেদনে তাঁর ছেলে মো. মাজহারুল ইসলাম ওরফে সুজনের বিরুদ্ধে অভিযোগ উত্থাপনের উদ্দেশ্য তাঁর স্বচ্ছ রাজনৈতিক ভাবমূর্তিকে ক্ষুণ্নকরা।
সাংসদ দাবি করেছেন, প্রতিবেদনে তাঁর মন্ত্রী হওয়ার সম্ভাবনা ও জেলা আওয়ামী লীগের সভাপতি হওয়ায় তাঁর বিরুদ্ধে এ চক্রান্ত হচ্ছে বলে যে বক্তব্য প্রকাশ হয়েছে তা তিনি দেননি বা কোনো সাংবাদিক তাঁকে টেলিফোনও করেননি।
সংখ্যালঘুদের ঘটনাটি নিয়ে ঠাকুরগাঁও জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় আলোচনার পর তদন্ত কমিটি গঠিত হয়েছে জানিয়ে সাংসদ প্রতিবাদপত্রে বলেন, তদন্ত কমিটি তাদের প্রতিবেদনে বলেছে সংখ্যালঘুর জমি দখল ও নির্যাতনের কোনো ঘটনা ঘটেনি।
প্রতিবাদপত্রে বলা হয়, এখানে মোট জমির পরিমাণ একই দাগে ১৩৮ বিঘা। তার মধ্যে সাংসদের কেনা সম্পত্তি ৯৩ বিঘা। বাকি জমি অভিযোগকারীদের দখলেই আছে। কেউ তা দখল করেনি। তাঁর তা দখল করার সংকল্পও নেই।
সবশেষে সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায় হওয়ার দিনে এই প্রতিবেদন প্রকাশ করাকেও তিনি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।
প্রথম আলো: স্বরাষ্ট্র ও প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো একটি গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে প্রথম আলোর প্রতিবেদনটি করা হয়। সঙ্গে সাংসদ, তাঁর ছেলেসহ ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের বক্তব্য প্রকাশ করা হয়। গোয়েন্দা সংস্থার প্রতিবেদনেই ‘রনবাগ ইসলামী টি এস্টেট’ লেখা ছিল।
সাংসদ দাবি করেছেন কোনো সাংবাদিক তাঁর সঙ্গে কথা বলেননি। গত ২৭ জুলাই রাত সাতটা ১৮ মিনিটে সংশ্লিষ্ট প্রতিবেদক সাংসদকে ফোন করেন এবং ১৩ মিনিট ২৮ সেকেন্ড কথা বলেন। সাংসদের কাছ থেকেই প্রতিবেদক তাঁর ছেলের মুঠোফোন নম্বর নেন এবং কথা বলেন।
প্রতিবেদনে আইয়ূব আলীর পরিচয় উপজেলা চেয়ারম্যান লেখা হয়েছে। প্রকৃতপক্ষে তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।