এবার সয়াবিন তেলের চালানে মিলল পানি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূর্যমুখী তেলের চালানে কোকেন ধরা পড়ার প্রায় চার মাস পর এবার সয়াবিন তেলের চালানে পাওয়া গেছে পানির মতো তরল পদার্থ। গতকাল সোমবার চট্টগ্রাম বন্দরের নর্থ কনটেইনার ইয়ার্ডে কনটেইনারের ড্রামে তেলের পরিবর্তে পানির মতো তরলের অস্তিত্ব মিলেছে বলে জানিয়েছেন কাস্টমস কর্মকর্তারা।

ঘটনাস্থল থেকে মুঠোফোনে চট্টগ্রাম কাস্টমসের যুগ্ম কমিশনার মো. গিয়াস কামাল গত রাত নয়টার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ৩০টি ড্রাম খুলে দেখা যায় পানির মতো তরল পদার্থ। পানির মতো দেখতে এই তরলে অবশ্য রাসায়নিকের গন্ধও রয়েছে। পরীক্ষা করার জন্য প্রতিটি ড্রাম থেকে নমুনা সংগ্রহ করা হচ্ছে। রাসায়নিক পরীক্ষার পরই নিশ্চিত হওয়া যাবে, এটি পানি, না অন্য কিছু।

কাস্টমস সূত্রে জানায়, পরিশোধিত সয়াবিন তেলের এই চালানের আমদানিকারক ঢাকার রোজা ফুডস নামের একটি প্রতিষ্ঠান। গত ১৮ সেপ্টেম্বর চীন থেকে তিনটি কনটেইনারে চালানটি বন্দরে আসে। আমদানি চালানের তথ্য অনুযায়ী, তিনটি কনটেইনারের ভেতরে ৩২০টি ড্রামে ৭০ দশমিক ৩৮ মেট্রিক টন সয়াবিন তেল রয়েছে।

এর আগে গত ৬ জুন পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে কোকেন সন্দেহে চট্টগ্রাম বন্দরে সূর্যমুখী তেলের চালান জব্দ করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। ২৭ জুন তেলের চালানের ১০৭টি ড্রামের মধ্যে একটি ড্রামের নমুনায় কোকেন শনাক্ত হয়। এরপর গত ২১ সেপ্টেম্বর ব্যক্তিগত ব্যবহারের জন্য আনা পণ্যের কনটেইনারে ২ কোটি ৭১ লাখ ৭৬ হাজার ৫০০ ভারতীয় রুপি জব্দ করা হয়।

সয়াবিন তেলের চালানে পানির মতো তরল ধরা পড়ার বিষয়ে কাস্টমস কর্মকর্তারা বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জেটি কাস্টমস কর্মকর্তারা কনটেইনারটি খুলে ড্রামে থাকা সয়াবিন তেল পরীক্ষার পর প্রাথমিকভাবে নিশ্চিত হন, এতে অন্য কোনো তরল রয়েছে। তিন কনটেইনারের মধ্যে দুটি কনটেইনার থেকে ২২০টি ড্রাম ইয়ার্ডে রাখা হয়েছে। গত রাত নয়টায় শেষ খবর পাওয়া পর্যন্ত জেটি কাস্টমসের কর্মকর্তারা ঘটনাস্থলে নমুনা সংগ্রহের কাজ করছিলেন।

চট্টগ্রাম কাস্টমসের যুগ্ম কমিশনার মো. গিয়াস কামাল প্রথম আলোকে বলেন, ‘রপ্তানিকারক প্রতিষ্ঠানটি হয়তো সয়াবিনের পরিবর্তে পানি পাঠিয়ে দিতে পারে। অথবা অর্থ পাচারের উদ্দেশ্যেও এমন ঘটনা ঘটতে পারে। সবকিছুই খতিয়ে দেখা হবে।’

তবে আমদানিকারক প্রতিষ্ঠান রোজা ফুডসের পক্ষে পণ্য খালাসে নিয়োজিত সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান এস এস ট্রেডিং ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রণব কুমার চৌধুরী প্রথম আলোর কাছে দাবি করেন, রপ্তানিকারক প্রতিষ্ঠানই তেলের পরিবর্তে পানি পাঠিয়েছে। এতে আমদানিকারকের কিছু করার নেই। বিষয়টি আঁচ করতে পেরে কাস্টমসকে আগেই তা অবহিত করা হয়।