এবার সাড়ে পাঁচ কেজি সোনা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিন দিনের ব্যবধানে আবারও সোনা উদ্ধার হয়েছে। গতকাল সোমবার তিনটি ঘটনায় সাড়ে পাঁচ কেজি সোনাসহ তিনজনকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
আটক তিনজন হলেন মোহাম্মদ ওজায়ের (৩৩), শফিকুল ইসলাম (৩৯) ও জ্যাকি ঘোষ (৪০)। তাঁদের মধ্যে ওজায়েরের কাছ থেকে ২৪টি ও শফিকুলের কাছ থেকে সাতটি সোনার বার পাওয়া গেছে। এই ৩১টি বারে সোনা ছিল সাড়ে তিন কেজি। শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের হিসাবে, এসব সোনার মূল্য এক কোটি ৫৫ লাখ টাকা। আর জ্যাকি ঘোষের কাছ থেকে উদ্ধার করা হয়েছে দুই কেজি সোনা। দুটি বারে এ সোনা ছিল।
অধিদপ্তর সূত্র জানায়, সংযুক্ত আরব আমিরাত থেকে ফ্লাই দুবাইয়ের উড়োজাহাজে বেলা সোয়া ১১টার দিকে ঢাকায় আসেন ওজায়ের। গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাঁকে আটক করা হয়। তাঁর দুই পায়ের জুতার ভেতর থেকে ২৪টি সোনার বার উদ্ধার করা হয়। এগুলোর ওজন মোট দুই কেজি ৮০০ গ্রাম, দাম এক কোটি ২৫ লাখ টাকা।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান বলেন, ব্যবসার কথা বলে এ বছর এ পর্যন্ত চারবার দুবাই গেছেন ওজায়ের। তাঁর বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জে।
মইনুল খান জানান, এরপর দুপুর সোয়া ১২টার দিকে মালয়েশিয়ান এয়ারলাইনসে মালয়েশিয়া থেকে আসা যাত্রী শফিকুল ইসলামের প্যান্ট থেকে ৭০০ গ্রাম সোনা উদ্ধার করা হয়। ৩৫ লাখ টাকা মূল্যের এ সোনা সাতটি বারে ছিল। তাঁকেও গ্রিন চ্যানেল থেকে আটক করা হয়। তাঁর বাড়ি কুমিল্লার হোমনায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, এ বছর তিনি আটবার মালয়েশিয়া গেছেন।
এ দুই ঘটনায় বিমানবন্দর থানায় দুটি মামলা হয়েছে।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সূত্র জানায়, রাত আটটার দিকে সিঙ্গাপুর থেকে আসা একটি উড়োজাহাজের যাত্রী জ্যাকি ঘোষকে তল্লাশি করে দুটি বারে থাকা দুই কেজি সোনা উদ্ধার করা হয়। তাঁকে আটক করা হয়েছে।
এর আগে ১৯ সেপ্টেম্বর মালয়েশিয়া থেকে আসা ফায়সাল আহমেদের কাছ থেকে ২৫ লাখ টাকা মূল্যের ৫২০ গ্রাম সোনা উদ্ধার করে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর।