এবার সাতক্ষীরায় প্রশাসনের লোক পরিচয়ে দুই চাচাতো ভাইকে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ সময় বাড়ির নারীদের মারধর করা হয় বলেও অভিযোগ উঠেছে। জেলার কলারোয়া উপজেলার আলাইপুর গ্রামে গত বুধবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।
এ নিয়ে গত ১০ দিনে পাঁচ জেলায় অন্তত ১৪ জনকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের লোক পরিচয় দিয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেল। এর মধ্যে নওগাঁর নিয়ামতপুর থেকে পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়া তিনজনের সন্ধান মিলেছে। মাগুরার শালিখা থানায় একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে তাঁদের। বাকি ১১ জনের সন্ধান এখনো পাওয়া যায়নি।
সাতক্ষীরায় নিখোঁজ দুই ভাই হলেন কলারোয়ার আলাইপুর গ্রামের আহসান হাবিব খান (৩৬) ও তাঁর চাচাতো ভাই রুহুল আমিন খান (৪০)।
আহসানের মা রাশিদা খাতুন বলেন, বুধবার রাত দুইটার দিকে একটি মাইক্রোবাসে করে চার ব্যক্তি এসে বাড়িতে ঢুকে নিজেদের প্রশাসনের লোক বলে পরিচয় দেন। একই গাড়ি থেকে আরও তিন-চারজন নেমে রুহুলের বাড়িতে ঢোকেন। লোকগুলো তাঁর ছেলে আহসানকে আটক করে মাইক্রোবাসে তোলেন। ছেলেকে আটকের কারণ জানতে চাইলে তাঁকে মারধর এবং অশ্লীল ভাষায় গালাগাল করা হয়।
রুহুলের মা জবেদা খান বলেন, বুধবার রাতে সাদাপোশাকের তিন-চার ব্যক্তি তাঁর ছেলেকে আটক করে। বাধা দিলে বাড়ির লোকজনকে মারধর করা হয়। রাশিদা ও জবেদা দুজনেই বলেন, সাদাপোশাকের ওই ব্যক্তিদের কয়েকজনের কাছে অস্ত্র, হাতকড়া ও লাঠি ছিল।
রুহুলের বড় ভাই সাইজিদ খান বলেন, মালয়েশিয়ায় চাকরি করতেন রুহুল। তিন মাস আগে দেশে ফিরেছেন। আহসানের ভাই আজাদ আলী খান বলেন, যশোরের মনিরামপুরে রাজগঞ্জ এলাকায় মাছের খাবারের দোকান রয়েছে তাঁর ভাইয়ের।
কলারোয়া থানার ওসি বিপ্লব কুমার নাথ বলেন, এ ঘটনায় আজাদ আলী খান বাদী হয়ে অপহরণ মামলা করেছেন। তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে এসআই ইয়াসিন আলমকে।
এদিকে নওগাঁর নিয়ামতপুর উপজেলার ধর্মপুর গ্রাম থেকে নিখোঁজ আল আমিন, মিলন রহমান ও নুর আমিনের সন্ধান মিলেছে। মাগুরার শালিখা থানার ওসি রবিউল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে এক নারীকে উত্ত্যক্ত করার অভিযোগে ওই তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। যশোর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পরিচয়ে গত রোববার আল আমিনকে ধরে নিয়ে যাওয়া হয়। আর মিলন ও আমিনকে তুলে নিয়ে যাওয়া হয় গত মঙ্গলবার।
তবে রাজশাহীর বাগমারার হামিরকুৎসা থেকে নিখোঁজ কুদ্দুস, চট্টগ্রামের পরিবহন ব্যবসায়ী এস এম শফিকুর রহমান, তাঁর দুই শ্যালক মো. হাসান তারেক ও মো. মোয়াজ্জেম হোসেন এবং ঝিনাইদহ থেকে নিখোঁজ পাঁচজনের সন্ধান পাওয়া যায়নি। তাঁদের সবাইকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ স্বজনদের। আবদুল কুদ্দুসকে (৫৪) গত বৃহস্পতিবার সন্ধ্যায় সাদাপোশাকের চারজন ব্যক্তি মোটরসাইকেলে করে তুলে নিয়ে যায়।
চট্টগ্রামে নিখোঁজ শফিকুর, তাঁর দুই শ্যালককে নগরের ২ নম্বর গেট এলাকার আল ফালাহ গলির একটি ভাড়া বাসা থেকে গত ২৪ মার্চ ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। খুলশী থানার ওসি শেখ মো. নাসির উদ্দিন বলেন, নিখোঁজ তিনজনকে উদ্ধারের জোর চেষ্টা চালাচ্ছে পুলিশ।
ঝিনাইদহে গত ২২ মার্চ পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয় কোটচাঁদপুর উপজেলার জালালপুর গ্রামের ইমরুল হোসেন, সদর উপজেলার কাশিমনগর গ্রামের ইব্রাহিম গাজী এবং একই গ্রামের রেজাউল ইসলামকে। গত মঙ্গলবার তুলে নেওয়া হয় কোটচাঁদপুরের বলাবাড়িয়া গ্রামের আলম খানকে। আর বুধবার একই উপজেলার কাশিপুর গ্রাম থেকে তুলে নেওয়া হয় কোটচাঁদপুর পৌর কলেজের অধ্যক্ষ হুমায়ন কবিরকে। এরপর থেকে গতকাল পর্যন্ত তাঁদের সন্ধান পাননি স্বজনেরা।