এবার সাবেক ইউপি সদস্যকে হাতুড়িপেটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুর সদর উপজেলার শারিকতলা ডুমুরিতলা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য তপন কুমার সাহাকে হাতুড়িপেটা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার দুপুরে ডুমুরিতলা গ্রামে এ ঘটনা ঘটে।
হাসপাতাল ও আহতের পারিবারিক সূত্রে জানা গেছে, বেলা পৌনে একটার দিকে তপন কুমার সাহা (৪৫) ডুমুরিতলা গ্রামে বাড়ির পাশের চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় পাঁচ থেকে সাতজন দুর্বৃত্ত এসে তাঁকে হাতুড়িপেটা করে চলে যায়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসক হাসান মসিউর বলেন, তপন কুমার সাহার বাঁ পা ভেঙে গেছে। এ ছাড়া তাঁর ডান পা ও পিঠে গুরুতর আঘাত রয়েছে। তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তপন কুমার সাহা পিরোজপুর সদর উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক। তিনি প্রথম আলোকে বলেন, স্থানীয় আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এ ঘটনা ঘটেছে।
সদর থানার পরিদর্শক (তদন্ত) হাচনাইন পারভেজ বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এর আগে গত শুক্রবার সন্ধ্যায় শারিকতলা ডুমুরিতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরাজুর রহমানকে হাতুড়িপেটা ও কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা।