এবার সিলেটে ব্লগার হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনন্তকে যেভাবে হত্যা করা হয়
অনন্তকে যেভাবে হত্যা করা হয়

ব্লগার, লেখক ও তরুণ ব্যাংকার অনন্ত বিজয় দাশকে (৩২) তাঁর বাসার সামনে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে সিলেট নগরের সুবিদবাজারে নুরানী আবাসিক এলাকার চৌরাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।

মুক্তমনা ও সামহোয়্যার ইন ব্লগে নিয়মিত লেখালেখি করতেন অনন্ত। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকেও সক্রিয় ছিলেন। সিলেটের গণজাগরণ মঞ্চের সক্রিয় কর্মী হিসেবেও কাজ করেছেন তিনি।

পুলিশ বলছে, হামলার ধরন দেখে ধারণা করা হচ্ছে, ব্লগার রাজীব ও অভিজিতের মতো এই হত্যায় উগ্রপন্থী কোনো গোষ্ঠী জড়িত থাকতে পারে। হত্যাকাণ্ডের প্রতিবাদে প্রগতিশীল ছাত্রজোট সিলেট নগরে আজ বুধবার অর্ধদিবস হরতাল ডেকেছে।

দেশে এ নিয়ে চলতি বছরেই তিনজন ব্লগারকে কুপিয়ে হত্যা করা হলো। গত ফেব্রুয়ারিতে মুক্তমনা ব্লগের প্রধান সম্পাদক ও যুক্তরাষ্ট্রপ্রবাসী লেখক অভিজিৎ রায়কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় কুপিয়ে হত্যা করা হয়। এর এক মাস না যেতেই তেজগাঁওয়ে কুপিয়ে হত্যা করা হয় ব্লগার ও অনলাইন লেখক ওয়াশিকুর রহমানকে।

ব্লগার অনন্ত বিজয় দাশের মরদেহ গতকাল সিলেট নগরের বাড়িতে নেওয়ার পর তাঁর বড় বোন কান্নায় ভেঙে পড়েন l ছবি: প্রথম আলো
ব্লগার অনন্ত বিজয় দাশের মরদেহ গতকাল সিলেট নগরের বাড়িতে নেওয়ার পর তাঁর বড় বোন কান্নায় ভেঙে পড়েন l ছবি: প্রথম আলো

অনন্তর স্বজনেরা জানান, শাহজালাল বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে পূবালী ব্যাংকের জাউয়াবাজার শাখায় কর্মরত ছিলেন তিনি। দুই ভাই ও দুই বোনের মধ্যে সবার ছোট অনন্ত অবিবাহিত ছিলেন।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও অনন্তর স্বজনেরা জানান, অনন্ত গতকাল সকাল সোয়া আটটার দিকে ব্যাংকে যাওয়ার উদ্দেশে বাসা থেকে বের হন। রিকশা না পেয়ে হাঁটতে হাঁটতে তিনি বাসা থেকে আড়াই শ গজ দূরে সুবিদবাজার মূল সড়কে আসেন। সেখানে কালো কাপড়ে মুখ ঢাকা ও কালো চশমা পরা চারজন যুবক হঠাৎ করেই পেছন দিক থেকে অনন্তের মাথায় চাপাতি দিয়ে কোপাতে থাকেন। অনন্ত উল্টো দিকে দৌড়ে তাঁর বাসার দিকে যেতে থাকেন।
যুবকেরা তাঁকে ধাওয়া করেন। অনন্ত প্রায় ৫০ গজ পেছনে দৌড়ে দস্তিদার দিঘিরপাড় এলাকায় আসেন। পেছনে পেছনে দৌড়ে যুবকেরা সেখানে গিয়ে অনন্তকে ঘিরে ফেলে এলোপাতাড়িভাবে কোপাতে থাকেন। একপর্যায়ে মাটিতে পড়ে যান অনন্ত। খুব অল্প সময়ের মধ্যেই কুপিয়ে তাঁর মৃত্যু নিশ্চিত করার পর যুবকেরা বনকলাপাড়া সড়ক দিয়ে পালিয়ে যান। ঘটনার পরপর আশপাশের লোকজন সেখানে জড়ো হয়। খবর পেয়ে স্বজনেরা অনন্তকে উদ্ধার করে সোয়া নয়টার দিকে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের উপপরিচালক আবদুস ছালাম প্রথম আলোকে জানান, অনন্তকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁর মাথায় ও শরীরে একাধিক জখম রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে।

হাসপাতালে অনন্তর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন সিলেটের আম্বরখানা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শেখ মো. ইয়াসিন। তিনি জানান, অনন্তকে চাপাতি দিয়ে কোপানো হয়েছে। তাঁর মাথায়, ঘাড়ে ও পিঠে ১৪টি কোপের চিহ্ন রয়েছে। এ ছাড়া দুই হাতের কবজিতে কোপ দেওয়া হয়েছে। কুপিয়ে ডান হাতের তর্জনী বিচ্ছিন্ন করা হয়েছে।

অনন্তর বড় ভাই রত্নেশ্বর দাশ বলেন, প্রতিদিন সকাল আটটা থেকে সাড়ে আটটার মধ্যে সে বাসা থেকে ব্যাংকের উদ্দেশে বেরিয়ে যেত। হত্যাকারীরা সেই সময়টা বেছে নিয়ে পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করেছে।

অনন্তর বড় বোনের স্বামী ও সিলেট জেলা কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সমরবিজয় শেখর বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি রক্তে রাস্তা লাল হয়ে গেছে। নিজ বাসার সামনে এমন বর্বর ঘটনা কারা ঘটিয়েছে জানি না। আমরা হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

এক প্রত্যক্ষদর্শীর ভাষ্য: প্রত্যক্ষদর্শী (নিরাপত্তার স্বার্থে পরিচয় প্রকাশ করা হলো না) একজন জানান, সকাল সাড়ে আটটার দিকে হঠাৎ তিনি দেখতে পান প্যান্ট আর হাফ শার্ট পরা চারজন যুবক অনন্তকে ধাওয়া করছেন। যুবকদের পুরো মুখ কালো কাপড়ে ঢাকা ছিল এবং চোখে ছিল কালো চশমা। কিছু বুঝে ওঠার আগেই ওই যুবকেরা অনন্তকে কুপিয়ে পাড়ার বনকলাপাড়া সড়ক দিয়ে পালিয়ে যান।

ঘটনার পরপরই পুলিশ, র‍্যাবের একাধিক দল ঘটনাস্থল পরিদর্শন করে। আলামত সংগ্রহ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সিআইডির কর্মকর্তা শামীম রশীদ ঘটনাস্থলে সাংবাদিকদের জানান, প্রত্যক্ষদর্শীদের সঙ্গে আলাপের পাশাপাশি অন্যান্য আলামত সংগ্রহ করা হয়েছে।

একই কায়দায় খুন: ব্লগার অভিজিৎ রায় ও ওয়াশিকুর রহমানকে যে কায়দায় হত্যা করা হয়, ঠিক একই কায়দায় অনন্তকেও হত্যা করা হয়েছে। পেছন থেকে অতর্কিতে হামলা চালিয়ে ঘাড়, মাথা ও পিঠে চাপাতি দিয়ে এলোপাতাড়িভাবে কোপানো হয়েছে। পাশাপাশি দুই হাতের কবজি বিচ্ছিন্ন করতে কোপ দেওয়া হয়।

সিলেট র‌্যাব-৯-এর এএসপি পঙ্কজ কুমার দে সকালে প্রথম আলোকে বলেন, ‘হত্যার ধরন দেখে বোঝা যায়, পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। ব্লগার অভিজিৎ রায় ও ওয়াশিকুর রহমানের ওপর যে কৌশলে আক্রমণ হয়েছে, এটিও তেমনই মনে হচ্ছে। অপরাধীদের গতিবিধি সম্পর্কে স্থানীয় লোকজনের কাছে ধারণা নিয়ে র‌্যাবের কয়েকটি দল অভিযানে নেমেছে।’

 পংকজ কুমার দে দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে সাংবাদিকদের জানান, চারজন মুখোশধারী এ হত্যাকাণ্ডে অংশ নিয়েছে বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে। অপরাধীদের শনাক্ত করতে অভিযান শুরু হয়েছে।

আগের জঙ্গি হামলাগুলোর সঙ্গে এ হামলার মিল আছে কি না, জানতে চাইলে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার রহমত উল্লাহ বলেন, ‘প্রাথমিকভাবে আমাদের সেটাই মনে হচ্ছে। এর পরও এ ঘটনার আগে-পরের বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি।’ তিনি জানান, এ ঘটনায় মহানগর পুলিশের বিমানবন্দর থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

প্রতিবাদ-বিক্ষোভ: অনন্তের মৃত্যুর খবর পেয়ে তাঁর সহকর্মী, প্রগতিশীল ছাত্রসংগঠন ও গণজাগরণ মঞ্চের কর্মী-সমর্থক এবং লেখক ও সংস্কৃতিকর্মীরা হাসপাতালে ভিড় জমান। দুপুর সাড়ে ১২টার দিকে ছাত্র ইউনিয়ন ও গণজাগরণ মঞ্চের উদ্যোগে নগরে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে হাসপাতাল প্রাঙ্গণে এসে এক সমাবেশে মিলিত হয়। সেখানে বক্তব্য দেন গণজাগরণ মঞ্চ সিলেটের সমন্বয়ক দেবাশীষ দেবু, ছাত্র ইউনিয়ন সিলেট জেলা শাখার সভাপতি সহিদুজ্জামান প্রমুখ।

সহিদুজ্জামান অভিযোগ করেন, জামায়াত-শিবির ও জঙ্গিবাদী গোষ্ঠী পূর্বপরিকল্পিতভাবে অনন্তকে হত্যা করেছে। অভিজিৎ হত্যাকাণ্ডের পর থেকে অনন্ত ফেসবুক ও ব্লগে ক্ষোভ প্রকাশ করে একাধিক লেখা লিখেছেন। আগের হত্যাকাণ্ডগুলোর সঠিক বিচার হলে অনন্তকে হারাতে হতো না।

এ হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ বুধবার সিলেট নগরে অর্ধদিবস হরতাল আহ্বান করে প্রগতিশীল ছাত্রজোট। এ ছাড়া সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আজ মানববন্ধন কর্মসূচির ঘোষণা দিয়েছে হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটিস।

অনন্তকে শেষ শ্রদ্ধা: হাসপাতালে ময়নাতদন্ত শেষে অনন্তর মরদেহ বিকেল চারটায় তাঁর বাসায় নেওয়া হয়। ওই সময়েই অনন্তর বৃদ্ধ মা-বাবাকে জানানো হয় ঘটনা। সেখানে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। এ সময় বাসায় গিয়ে অনন্তর পরিবারকে সমবেদনা জানান সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুহম্মদ জাফর ইকবাল, তাঁর স্ত্রী ও একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ইয়াসমিন হক এবং সংরক্ষিত নারী আসনের সাংসদ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী।

বিকেল চারটা ৫০ মিনিটে বাসা থেকে অনন্তর মরদেহ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়। সেখানে প্রগতিশীল রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন, গণজাগরণ মঞ্চের নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষ তাঁকে শ্রদ্ধা জানান। আধা ঘণ্টা পর মরদেহ নগরের চালিবন্দর মহাশ্মশানে নেওয়া হয়। সেখানে শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

হত্যার দায় স্বীকার: অনন্তকেহত্যার দায় স্বীকার করে টুইটারে ‘আনসার বাংলা ৮’ নামের একটি আইডি থেকে একাধিক টুইট করা হয়েছে। এক টুইট বার্তায় লেখা হয়েছে, ‘আলহামদুলিল্লাহ! আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে আল-কায়েদা উপমহাদেশ (একিউআইএস) এর ভাইরা আরও এক ইসলাম বিদ্বেষী নাস্তিক ব্লগারকে জাহান্নামে পাঠিয়েছেন!’

এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ রহমত উল্লাহ জানান, ‘টুইটার বার্তায় দায় স্বীকারের বিষয়টি আমরা শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

বিভিন্ন সংগঠনের নিন্দা: অনন্তকে হত্যার ঘটনায় নিন্দা ও ক্ষোভ জানিয়েছে বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দল।

মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক) এক বিজ্ঞপ্তিতে হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বলেছে, বর্তমান পরিস্থিতিতে সব ব্লগার ও প্রগতিশীল ব্যক্তির নিরাপত্তায় সরকারের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা দরকার। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি আবারও প্রমাণ করেছে যে ঝুঁকিতে থাকা ব্যক্তিবর্গের নিরাপত্তায় সরকার কোনো উদ্যোগ নেয়নি।

আরও নিন্দা জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, গণতান্ত্রিক বাম মোর্চা, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ অনলাইন অ্যাকটিভিস্ট ফোরামসহ বিভিন্ন সংগঠন।