ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পর এবার সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পালালেন এক আসামি। সামাদ রব্বানী (২৬) নামের ধর্ষণ মামলার ওই আসামি গত শনিবার মধ্যরাতে শৌচাগারের ভেন্টিলেটর ভেঙে পালিয়ে যান। এ ঘটনায় তিন কারারক্ষী সাময়িক বরখাস্ত হয়েছেন।
কারা কর্তৃপক্ষ সূত্র জানায়, সামাদের বাড়ি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায়। পার্শ্ববর্তী সুনামগঞ্জের ছাতক উপজেলার পশ্চিম মানিকপুরের একটি মেয়েকে ধর্ষণের ঘটনায় হওয়া মামলার আসামি তিনি। সম্প্রতি আদালতে আত্মসমর্পণ করলে তাঁকে সিলেট কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। অসুস্থ অবস্থায় সামাদকে গত মঙ্গলবার কারাগার থেকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তিনি হাসপাতালের চতুর্থ তলার ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। শনিবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে সামাদ শৌচাগারে যান। কিন্তু দীর্ঘ সময় পরও বের না হওয়ায় দায়িত্বরত তিন কারারক্ষী শৌচাগারের দরজায় ধাক্কা দেন। দরজা খুলে গেলে তাঁরা দেখতে পান, ভেতরে কেউ নেই। শৌচাগারের ভেন্টিলেটর ভাঙা।
হাসপাতাল সূত্রে জানা যায়, ৪ নম্বর ওয়ার্ডটি শুধু কয়েদিদের জন্যই বরাদ্দ। ওয়ার্ডের ফটকটি সার্বক্ষণিক তালাবদ্ধ থাকে। সেখানে চিকিৎসকদের যাতায়াত পর্যন্ত নিয়ন্ত্রিত।
৪ নম্বর ওয়ার্ডে শনিবার দিবাগত রাতের পালায় দায়িত্ব পালনকারী একজন চিকিৎসকের বরাত দিয়ে জরুরি বিভাগের একজন চিকিৎসক গতকাল প্রথম আলোকে বলেন, চিকিৎসক ও নার্স ছাড়া ৪ নম্বর ওয়ার্ডে অন্য কারও প্রবেশাধিকার নেই। সেখানে কারারক্ষীদের তত্ত্বাবধানেই আসামিদের চিকিৎসা করানো হয়। তাই আসামি পালিয়ে গেলেও তাতে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো দায় নেই।
সিলেট কেন্দ্রীয় কারাগারের জেল সুপার ছগীর মিয়া বলেন, ঘটনার সময় লোকমান হোসেন, ফখরউদ্দিন ও মুহাম্মদ মোল্লাহ নামে তিন কারারক্ষীর হেফাজতে ছিলেন আসামি সামাদ। তিনজনকেই সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। পালিয়ে যাওয়া আসামিকে ধরতে কোম্পানীগঞ্জ ও ছাতক থানা-পুলিশকে জানানো হয়েছে।
গত শনিবার সকালেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পালিয়ে যান পুলিশের পাহারায় চিকিৎসাধীন হত্যা মামলার একজন আসামি। ওয়াদুদ খাঁ ওরফে তাজাত নামের ওই ব্যক্তিও শৌচাগারে যাওয়ার কথা বলে কক্ষ থেকে বের হওয়ার পর আর ফেরেননি। ওই ঘটনায় পুলিশের দুই সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।