এবার স্ত্রী হত্যার অভিযোগে আটক মিল্কী হত্যার আসামি
যুবলীগের নেতা রিয়াজুল হক খান মিল্কী হত্যা মামলার আসামি সোহেল মাহমুদকে এবার স্ত্রী হত্যার অভিযোগে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর খিলগাঁও থানার বনশ্রী এলাকার বাসা থেকে সোহেলের স্ত্রী মার্জিয়া রহমান ওরফে মুন্নির লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় সোহেলসহ চারজনকে আটক করে পুলিশ।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজ ভূঁইয়া প্রথম আলোকে বলেন, সোহেল পুলিশের কাছে দাবি করছেন, মার্জিয়া বাসার জানালার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। কিন্তু মার্জিয়ার মৃত্যু সন্দেহজনক মনে হওয়ায় এবং পরিবারের পক্ষ থেকে হত্যার অভিযোগ ওঠায় সোহেল, তাঁর বাবা-মা ও এক আত্মীয়কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এখন মার্জিয়ার পরিবার হত্যা মামলা করলে এবং মামলায় যাঁদের আসামি করা হবে তাঁদের গ্রেপ্তার করে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।
২০১৩ সালের ২৯ জুলাই গুলশানের একটি বিপণি বিতানের সামনে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সাংগঠনিক সম্পাদক রিয়াজুলকে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় হওয়া মামলায় সোহেল এজাহারভুক্ত আসামি। ওই মামলায় গ্রেপ্তার হয়ে তিনি দীর্ঘদিন কারাগারেও ছিলেন। বর্তমানে তিনি জামিনে।
মার্জিয়ার ভাই আরিফুর রহমান প্রথম আলোকে বলেন, মিল্কী হত্যার ঘটনায় কারাভোগ করে জামিনে বের হওয়ার পর সোহেল যৌতুকের জন্য মার্জিয়ার ওপর চাপ দিতে থাকেন। তাঁর কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করেন। টাকা না দেওয়ায় মার্জিয়াকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
আজ শুক্রবার ময়নাতদন্ত শেষে ঢাকা মেডিকেল কলেজের মর্গ থেকে মার্জিয়ার লাশ কুমিল্লার দাউদকান্দিতে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। দুই ভাইবোনের মধ্যে মার্জিয়া ছিলেন বড়। বাবা মজিবুর রহমান সৌদিপ্রবাসী। মেয়ের মৃত্যুর সংবাদ পেয়ে তিনি দেশে ফিরছেন বলে জানিয়েছে মার্জিয়ার পরিবার।