এবার হালুয়াঘাটে ৩১ টন চাল জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় গত বৃহস্পতিবার রাতে হতদরিদ্র ব্যক্তিদের জন্য খাদ্যবান্ধব কর্মসূচির ৩১ টন চাল জব্দ করেছে আর্মড পুলিশ। এ সময় কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে চাল মজুত করার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মনিরুজ্জামান ও আজিজুল ইসলাম। তাঁদের বাড়ি হালুয়াঘাট সদরের উত্তর বাজার এলাকায়। মনিরুজ্জামান হালুয়াঘাট উপজেলা প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক। এর আগে গত মঙ্গলবার আর্মড পুলিশ ফুলবাড়িয়া উপজেলার চান্দেরবাজার এলাকা থেকে ২৫ টন ৪০০ কেজি চাল জব্দ করে।
মুক্তাগাছা উপজেলায় অবস্থিত ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন সূত্র জানায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে হালুয়াঘাট সদরের উত্তর বাজার এলাকায় অভিযান চালায় আর্মড পুলিশ। সেখানে একটি ফ্ল্যাট বাড়ির নিচতলায় নুরুল ইসলাম নামের একজনের চারটি কক্ষ থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ৬১০ বস্তা চাল পাওয়া যায়। এ সময় চাল মজুত করার অপরাধে পুলিশ ওই দুজনকে আটক করে।