এবার ১৪ জনকে আসামি করে ছাত্রলীগের আরেক পক্ষের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষের ঘটনায় আরও একটি মামলা হয়েছে। চকবাজার থানা ছাত্রলীগের সাবেক সভাপতি নুরুল মোস্তফা ও তাঁর ১৩ অনুসারীকে আসামি করে গতকাল শুক্রবার থানায় মামলা করেন চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রলীগের কর্মী আসাদুজ্জামান। তিনি চট্টগ্রাম নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিমের অনুসারী।
গত রোববার বহিরাগত যুবকদের নিয়ে চট্টগ্রাম কলেজের সামনে জঙ্গিবাদবিরোধী মানববন্ধন করা নিয়ে নুরুল আজিম ও নুরুল মোস্তফার অনুসারীদের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষ হয়। এ সময় গুলিবিদ্ধ হন তিনজন। এই ঘটনায় গত সোমবার মামলা করেন চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রলীগের নেতা ও নুরুল মোস্তফার অনুসারী সুভাষ মল্লিক। এতে নুরুল আজিমের অনুসারী মাহমুদুল করিম, জাবেদুল আজম, মনিরসহ ১১ জনকে আসামি করা হয়।
ঘটনার পাঁচ দিন পর মামলা করার বিষয়ে চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রলীগের নেতা মাহমুদুল করিম প্রথম আলোকে বলেন, চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গড়িমসি করায় মামলা করতে দেরি হয়েছে। ১৪ আসামির মধ্যে একজন চট্টগ্রাম কলেজের ছাত্র। অন্যরা বহিরাগত।
চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) নাজিম উদ্দিন ভূঁইয়া মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ছাত্রলীগের এক পক্ষের অভিযোগের বিষয়ে চকবাজার থানার ওসি আজিজ আহমেদের বক্তব্য জানা যায়নি। তাঁর মুঠোফোনে বেশ কয়েকবার কল করা হলেও তিনি ধরেননি।