এবার ২৪ ভুয়া প্রকল্পে টিআরের ৪৮ টন গম
এবার বরগুনা সদরে ২৪টি ভুয়া প্রকল্পের মাধ্যমে অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) প্রকল্পের ৪৮ মেট্রিক টন গম বরাদ্দ নেওয়া হয়েছে। তবে এই গম এখনো ছাড় হয়নি।
জেলা ত্রাণ কার্যালয়ের কর্মকর্তা সূত্রে জানা গেছে, বরগুনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্বাস হোসেন মোল্লার সুপারিশে জেলা কৃষক দলের সদস্য মনিরুজ্জামান ও তাঁর সহযোগী গিলাতলী গ্রামের হারুন অর রশিদ ভুয়া প্রকল্প তৈরি করে ৪৮ মেট্রিক টন গম বরাদ্দ করান। এর আগে তাঁরা ১৩ জানুয়ারি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে বরগুনা সদরের ২৫ জায়গায় ওয়াজ-মাহফিলের নামে জিআর প্রকল্পের ৫০ মেট্রিক টন চাল বরাদ্দ আনেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ২০ জানুয়ারি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপপরিচালক (কাবিখা-২) মহেশ চন্দ্র রায় স্বাক্ষরিত একটি চিঠি বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ে পাঠানো হয়। এতে বরগুনা সদর উপজেলার ২৪টি প্রকল্পে ৪৮ মেট্রিক টন (প্রতিটি প্রকল্পে দুই মেট্রিক টন করে) খাদ্যশস্য বরাদ্দ দেওয়া হয়। বরাদ্দপত্রে সেসব প্রকল্পের নামও উল্লেখ রয়েছে। এসব প্রকল্পের মধ্যে রয়েছে দুটি বিদ্যালয়ের মাঠ ভরাট, মসজিদ উন্নয়ন, রাস্তা সংস্কার। এই ২৪টি সংস্কার প্রকল্পের মধ্যে মনিরুজ্জামানের নিজ বাড়ির তিনটি, তাঁর দাদা শ্বশুরের বাড়ির একটি, শ্বশুরবাড়ির একটি ও ভগ্নিপতির বাড়ির একটি প্রকল্প রয়েছে। মনিরুজ্জামানের বাড়িতে যে তিনটি প্রকল্প রয়েছে, সেগুলো হলো ইসলামপুর মোল্লাবাড়ির মসজিদের সামনে মাটি ভরাট, বান্দরগাছিয়া (ইসলামপুর) মোল্লা বাড়ির মসজিদে ঘাটলা মেরামত ও আ. মন্নান মোল্লার বাড়ির মসজিদ সংস্কার।
সরেজমিনে দেখা যায়, মনিরুজ্জামানের বাড়ির মসজিদের পুকুরে কোনো ঘাটলা নেই।
বরাদ্দপত্রের সূত্র ধরে বান্দরগাছিয়া ও ছোট গৌরিচন্না এলাকায় অনুসন্ধান করে দেখা যায়, যেসব প্রকল্পের নামে বরাদ্দ আনা হয়েছে, তার অধিকাংশই ভুয়া। আবার যেসব প্রতিষ্ঠানের নাম ব্যবহার করা হয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তিরা সেগুলো সম্পর্কে কিছুই জানেন না।
বরাদ্দপত্রে ২৪টি প্রতিষ্ঠানের মধ্যে মনিরুজ্জামানের গ্রামের বাড়ি সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের বান্দরগাছিয়া গ্রামে ১২টি, পাশের রায়ভোগ গ্রামে পাঁচটি, ফুলঝুড়ি ইউনিয়নের ছোট গৌরিচন্না গ্রামে তিনটি ও অন্যান্য স্থানে বাকি চারটি প্রকল্পের কথা উল্লেখ রয়েছে।
বান্দরগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রায়ভোগ কদমতলা নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের মাঠ ভরাট করার জন্য চার মেট্রিক টন গম বরাদ্দ দেওয়া হয়েছে। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন গত শনিবার প্রথম আলোকে বলেন, ‘আমাদের বিদ্যালয়ের মাঠ ভরাট করার জন্য কোনো আবেদন করিনি। বরাদ্দ যে এসেছে, তা আপনার মাধ্যমেই প্রথম জানলাম।’ রায়ভোগ কদমতলা নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল ইসলাম বলেন, ‘বরাদ্দের ব্যাপারে আমি কিছুই জানি না। এ ব্যাপারে কোথাও কোনো আবেদনও করিনি।’
ঢলুয়া ইউনিয়নের ১২টি প্রকল্পের সব কটি আধা কিলোমিটারের মধ্যে হলেও অনেকেই এ ধরনের বরাদ্দের কথা জানেন না।
যোগাযোগ করা হলে মনিরুজ্জামান বলেন, ‘আমরা তদবির করে বিভিন্ন এলাকার প্রতিষ্ঠানের জন্য এসব বরাদ্দ এনেছি।’
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আবু বকর সিদ্দিক বরাদ্দপত্র হাতে পাওয়ার কথা নিশ্চিত করে বলেন, ‘টিআর প্রকল্পের ৪৮ মেট্রিক টন গম এসেছে। আমরা এসব গম ছাড় দেওয়ার আগে যাচাই-বাছাই করে দেখব।’
উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্বাস হোসেন মোল্লা বলেন, ‘আমার মসজিদ সংস্কার ও অন্যান্য প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য অন্য এক ব্যক্তি সুপারিশ নিয়েছে। মনিরুজ্জামান নামের কাউকে আমি চিনি না। এসব ভুয়া হয়ে থাকলে অবশ্যই ছাড় দেওয়ার আগে তদন্ত করা হবে।’
জেলা প্রশাসক মীর জহুরুল ইসলাম বলেন, এসব বরাদ্দ ছাড় দেওয়ার আগে বিষয়টি খতিয়ে দেখা হবে।