ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার ২৭ কেজি সোনাসহ আটক হয়েছেন বিদেশি এক কূটনীতিক। সন ইয়াং ন্যাম (৫০) নামের এই ব্যক্তি ঢাকায় উত্তর কোরীয় দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি।
সিঙ্গাপুর থেকে গত বৃহস্পতিবার রাতে ঢাকায় আসার পর বিমানবন্দরে ওই কূটনীতিকের সঙ্গে থাকা ব্যাগে সোনা পাওয়া যায়। বিমানবন্দরে প্রায়ই সোনার চালান ধরা পড়লেও বিদেশি কূটনীতিকের কাছ থেকে সোনা ধরা পড়ার ঘটনা এটিই প্রথম বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সূত্র জানায়, ওই কূটনীতিক প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলেছেন সিঙ্গাপুরে এক ব্যক্তি ব্যাগটি তাঁকে বাংলাদেশে একজনকে পৌঁছে দিতে বলেছিলেন।
কাস্টমস ও এপিবিএনের সূত্র জানায়, ভিয়েনা কনভেনশন অনুযায়ী কোনো বিদেশি কূটনীতিককে কোনো অভিযোগে আটক করে মামলা দেওয়ার নিয়ম নেই। এ কারণে সন ইয়াং ন্যামের বিরুদ্ধে দেশের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। গতকাল শুক্রবার দুপুরে তাঁকে ছেড়ে দেওয়া হলেও আটক করা সোনাগুলো কাস্টমস কর্মকর্তাদের হেফাজতে আছে।
ঢাকা কাস্টম হাউস ও এপিবিএন সূত্র জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উত্তর কোরিয়ার কূটনীতিক সন ইয়াং সিঙ্গাপুর এয়ারলাইনসে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে তাঁকে বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ এলাকা থেকে অনুসরণ করে গ্রিন চ্যানেল পর্যন্ত যান এপিবিএন ও কাস্টমস কর্মকর্তারা। গ্রিন চ্যানেলে তাঁর হাতে থাকা ব্যাগ স্ক্যান করতে চাইলে তিনি কূটনৈতিক ব্যাগ বলে তাতে বাধা দেন। কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহার করলেও তিনি নিজের পরিচয় দিচ্ছিলেন না। কিছুক্ষণ পর বিমানবন্দরে যান উত্তর কোরিয়ার আরও চারজন কূটনীতিক। তাঁরা নিজেদের পরিচয় না দিয়ে ওই কূটনীতিককে ছেড়ে দিতে চাপ দেন। খবর পেয়ে ঢাকা কাস্টম হাউস ও এপিবিএনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে যান।
সূত্র জানায়, তখনো ব্যাগটি ছাড়ছিলেন না সন ইয়াং। তখন ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, তিনি ১ থেকে ২০ পর্যন্ত গুনবেন। এর মধ্যে ব্যাগ স্ক্যান করতে না দিলে তাঁকে হাতকড়া পরাবেন। আট পর্যন্ত গোনার পর কূটনীতিক ব্যাগ ছেড়ে দেন। এরপর ব্যাগে তল্লাশি চালিয়ে ২৭ কেজি সোনা উদ্ধার করা হয়।
এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হাসান প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা থেকে গতকাল ভোর চারটা পর্যন্ত এসব ঘটনা ঘটে। ভোর চারটার দিকে ওই কূটনীতিক নিজের পরিচয় দিয়ে দুঃখ প্রকাশ করেন। একইভাবে পরিচয় প্রকাশ করে দুঃখ প্রকাশ করেন অপর চার কূটনীতিকও। পরে বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়। এ নিয়ে দফায় দফায় বৈঠক হয়। পরে দুপুরে কূটনীতিক সন ইয়াং ন্যামের কাছ থেকে মুচলেকা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দূতাবাসের কাছে হস্তান্তর করা হয়। এখন মন্ত্রণালয় পরবর্তী পদক্ষেপ নেবে। সন ইয়াং গত দুই মাসে আটবার সিঙ্গাপুর গেছেন।
ঢাকা কাস্টম হাউসের যুগ্ম কমিশনার কাজী মুহাম্মদ জিয়াউদ্দিন বলেন, আটক ২৭ কেজি সোনার মধ্যে ১৯ কেজিই রয়েছে ১৭০টি বারে। প্রতিটি বারের ওজন ১০০ গ্রাম। বাকি ৮ কেজি সোনা বিভিন্ন ধরনের গয়না। উদ্ধার করা এই সোনার দাম প্রায় সাড়ে ১৩ কোটি টাকা।
এপিবিএন-৮-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) তানজিনা আক্তার প্রথম আলোকে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই কূটনীতিক জানিয়েছিলেন, সিঙ্গাপুরে তাঁকে এক ব্যক্তি ওই ব্যাগটি দিয়ে বাংলাদেশে একজনের কাছে পৌঁছে দিতে বলেছিলেন। তাঁকে বলা হয়েছিল, তিনি বাংলাদেশে এলে যিনি ব্যাগটি গ্রহণ করবেন, ওই ব্যক্তি তাঁকে ফোন দেবেন, এরপর তিনি ব্যাগটি ওই ব্যক্তিকে বুঝিয়ে দেবেন। কূটনীতিক জানিয়েছেন, তিনি দাপ্তরিক কাজে সিঙ্গাপুর গিয়েছিলেন।
এএসপি তানজিনা জানান, তবে কোন ব্যক্তি ব্যাগটি তাঁকে দিয়েছেন এবং কার কাছে পৌঁছাতে হবে, সে ব্যাপারে স্পষ্ট কিছু জানাতে পারেননি ওই কূটনীতিক। তাঁকে আটক করার পর তাঁর মুঠোফোনও জব্দ করা হয়। কিন্তু তাঁর ফোনে দুপুর পর্যন্ত কোনো কল আসেনি। দুপুর পর্যন্ত ওই কূটনীতিক এপিবিএনের হেফাজতে ছিলেন।
কাস্টমস ও এপিবিএনের কর্মকর্তারা জানান, ভিয়েনা কনভেনশন অনুযায়ী বিদেশি কূটনীতিকদের সাধারণত ফৌজদারি অপরাধ থেকে অব্যাহতি দেওয়া হয়ে থাকে। আটক কূটনীতিকের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় পরবর্তী সিদ্ধান্ত নেবে।
শাহজালাল বিমানবন্দরে সোনার চালান প্রায়ই ধরা পড়ছে। অধিকাংশ ঘটনায় বহনকারীকে আটকও করা হচ্ছে। কিন্তু এই চোরাচালান থামছে না।
এর আগে গত ১৪ জানুয়ারি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি উড়োজাহাজের মালামাল রাখার স্থান (কার্গো হোল) থেকে ১৪ কেজি সোনা উদ্ধার করা হয়েছিল। এ ঘটনায় দুজন বিমানকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। ৩১ জানুয়ারি প্রায় দুই কোটি টাকার সোনাসহ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কর্মচারী হাফিজুর রহমানকে আটক করেন শুল্ক বিভাগের কর্মকর্তারা। ২ ফেব্রুয়ারি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ থেকে ৬১ কেজি সোনা উদ্ধার করেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।
গত বছরের ২৪ জুলাই বিমানের একটি উড়োজাহাজে (এয়ারবাস) লুকানো ১২৪ কেজি সোনা উদ্ধার করা হয়। এটি দেশে আটক হওয়া সোনার সবচেয়ে বড় চালান। ওই ঘটনায় এনবিআরের তদন্ত কমিটির প্রতিবেদনে জড়িত হিসেবে ১৪ জনের নাম উল্লেখ করা হয়। তাঁদের মধ্যে ১০ জনই বিমানের কর্মী। এই ১৪ জনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা হয়।
শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের হিসাবে, ২০১৩ সালের জুলাই থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত তারা প্রায় ৮৭০ কেজি সোনা উদ্ধার করেছে।
অন্যদিকে ঢাকা কাস্টম হাউসের যুগ্ম কমিশনার কাজী জিয়াউদ্দিন জানান, ২০১৪ সালের জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত তাঁরা প্রায় ৭০০ কেজি সোনা জব্দ করেছেন।