এবার 'গোপন বৈঠক' থেকে ছয়জন আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটে জেলা আইনজীবী সমিতির একটি কক্ষে ‘গোপন বৈঠক’ থেকে গতকাল শুক্রবার ছয়জনকে আটক করা হয়েছে। আটককৃত সবাই জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে পুলিশ জানিয়েছে।
গত ২০ ডিসেম্বর রাতেও নগরের জিন্দাবাজার এলাকার আল হামরা শপিং সিটির একটি রেস্তোরাঁয় ‘দরজি কল্যাণ ফেডারেশনের’ বৈঠক থেকে ১৫ জন জামায়াত-শিবির কর্মীকে আটক করে পুলিশ।
পুলিশ জানায়, ২০ ডিসেম্বরের মতো গতকালও একইভাবে জেলা আইনজীবী সমিতির একটি কক্ষে ‘গোপন বৈঠক’ করছিল জামায়াত-শিবির। এবার ‘শ্রমিক কল্যাণ ফেডারেশন-পূর্ব জেলা’ নামের একটি সংগঠনের পরিচয় দিয়ে ওই বৈঠক করছিলেন তাঁরা। গোপনে খবর পেয়ে পুলিশ বেলা ১১টার দিকে অভিযান চালিয়ে ছয়জনকে আটক করে।
সিলেট কোতোয়ালি থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, আটককৃত ব্যক্তিরা পুলিশের ওপর হামলার মামলার পলাতক আসামি কি না তা তদন্ত করে দেখা হচ্ছে।