এবার 'বিদ্রোহী' প্রার্থীর বিরুদ্ধে বিধি লঙ্ঘনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুর জেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়া ‘বিদ্রোহী’ চেয়ারম্যান প্রার্থী মো. হুমায়ুন কবীরের বিরুদ্ধে এবার আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চন্দন কুমার পাল।
গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের চকবাজার এলাকার দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে চন্দন কুমার পাল এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চেয়ারম্যান প্রার্থী চন্দন কুমার পাল অভিযোগ করেন, দলের সিদ্ধান্ত উপেক্ষা করে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। তিনি তাঁর (চন্দন) বিজয়ের সম্ভাবনা আঁচ করতে পেরে বিদ্বেষ ছড়াচ্ছেন, উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন এবং সাধারণ ভোটার-সমর্থকদের নানা প্রলোভন দিচ্ছেন। এমনকি তিনি তাঁর (চন্দন) সমর্থক ও সাধারণ ভোটারদের নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছেন।
সংবাদ সম্মেলনে চন্দন কুমার পাল ‘বিদ্রোহী’ প্রার্থী হুমায়ুন কবীরের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ১১টি অভিযোগ উত্থাপন করে বলেন, গত বুধবার সন্ধ্যা সাতটায় হুমায়ুন কবীরের উপস্থিতিতে নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক সভা হয়। ওই সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হকসহ দুজন যোগদান করে প্রভাবশালী ক্ষমতাধর এক ব্যক্তিকে উদ্ধৃত করে বলেন, ‘নির্বাচনে বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রকাশ্যে না থাকলে এবং নির্বাচনের দিন মার্কা দেখিয়ে ভোট না দিলে ইউপি চেয়ারম্যানদের নামে টিআর, কাবিখাসহ সমস্ত বরাদ্দ বাতিল করা হবে।’
সম্মেলনে চন্দন কুমার পাল বলেন, শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলামসহ দলের বেশ কয়েকজন নেতা তাঁর কাছে অভিযোগ করেছেন, শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সাংসদ এ কে এম ফজলুল হক বিদ্রোহী প্রার্থীর পক্ষে টিআর ও কাবিখার বিনিময়ে ভোট কেনার পাঁয়তারা করছেন।
চন্দন কুমার পাল অভিযোগ করে বলেন, হুমায়ুনের নামে লাইসেন্স করা অস্ত্র রয়েছে। যা তিনি নির্বাচনী প্রচারণাকালেও বহন করছেন। হুমায়ুন কবীরের পক্ষে না যাওয়ায় বিভিন্ন এলাকার ইউপি চেয়ারম্যান এবং সদস্যদের হুমায়ুন ও তাঁর সহযোগীরা নানাভাবে হুমকি দিচ্ছেন।
চন্দন কুমার পাল বলেন, হুমায়ুন কবীরের এসব আচরণবিধি লঙ্ঘনের বিষয় উল্লেখ করে আইনানুযায়ী পব্যবস্থা গ্রহণের জন্য তিনি (চন্দন) গতকাল প্রধান নির্বাচন কমিশনারের কাছে লিখিত আবেদন জানিয়েছেন।
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করে হুমায়ুন কবীর বলেন, তিনি (হুমায়ুন) বা তাঁর কোনো সহযোগী কখনোই কাউকে অস্ত্র প্রদর্শন করেননি বা ভয়ভীতি দেখাননি। তাঁর পক্ষে নালিতাবাড়ীর কোনো ক্ষমতাধর ব্যক্তি বা শেরপুর-৩ আসনের সাংসদ টিআর, কাবিখাসহ কোনো ধরনের পক্ষপাতমূলক কাজ করেননি। এমনকি ১৪ ডিসেম্বর বুধবার তিনি নালিতাবাড়ীতে যাননি বা উপজেলা আওয়ামী লীগের কোনো সভায়ও যোগ দেননি।
এ বিষয়ে শেরপুর-৩ আসনের সাংসদ এ কে এম ফজলুল হক বলেন, তিনি (ফজলুল হক) নির্বাচনী আচরণবিধি মেনে চলেন। নির্বাচনে প্রার্থী ঠিক হওয়ার অনেক আগেই টিআর, কাবিখা বরাদ্দ দেওয়া হয়ে গেছে। তাই কোনো প্রার্থীর পক্ষে টিআর ও কাবিখার বিনিময়ে
ভোট কেনার পাঁয়তারা করার প্রশ্নই আসে না।