এবি ব্যাংকের চার কর্মকর্তাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা
ঋণ জালিয়াতির মাধ্যমে পৌনে চার কোটি টাকা আত্মসাতের অভিযোগে আরব বাংলাদেশ ব্যাংকের (এবি ব্যাংক) চার জ্যেষ্ঠ কর্মকর্তাসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার এ অনুমোদন দেওয়া হয় বলে দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য জানিয়েছেন।
যাঁদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে তাঁরা হলেন ব্যাংকটির উত্তরা শাখার এভিপি সৈয়দ জহির উদ্দিন মোহাম্মদ মুজিব, মতিঝিল শাখার সাবেক ব্যবস্থাপক ও এসভিপি আবু সালেহ মো. আবদুল মাজেদ, মহাখালী শাখার সাবেক ব্যবস্থাপক ও এসএপিভি এ এল এম বদিউজ্জামান, সাবেক প্রিন্সিপাল অফিসার ফারুক আহমেদ ভুঁইয়া এবং মেসার্স বুশরা এসোসিয়েটস ও ওয়ান থ্রেড অ্যান্ড একসেসরিজ ইন্ডাস্ট্রিজের স্বত্বাধিকারী খন্দকার মেহমুদ আলম।
দুদক সূত্র জানায়, অভিযুক্ত ব্যক্তিরা ক্ষমতার অপব্যবহার করে ভুয়া রেকর্ডপত্র তৈরির মাধ্যমে ৩ কোটি ৭৮ লাখ ৮৮ হাজার টাকা ঋণ জালিয়াতির মাধ্যমে আত্মসাৎ করেন। কমিশনের অনুসন্ধানে এটা প্রমাণিত হওয়ায় মামলা করার অনুমোদন দেওয়া হয়েছে। অভিযোগটি অনুসন্ধান করেন দুদকের উপপরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলী।
শিগগিরই অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হবে বলে দুদক সূত্রটি জানিয়েছে।