এবি ব্যাংকের ১০ শীর্ষ কর্মকর্তাকে দুদকে জিজ্ঞাসাবাদ
আনন্দ শিপইয়ার্ডের ঋণ জালিয়াতির ঘটনায় আরব বাংলাদেশ (এবি) ব্যাংকের ১০ জন জ্যেষ্ঠ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার সকাল থেকে সংস্থাটির উপপরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বে একটি অনুসন্ধান দল তাঁদের জিজ্ঞাসাবাদ করছে।
যাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তাঁরা হলেন—এবি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ফারুক এম আহমেদ, প্রধান শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ওয়াসিকা আফরোজী ও সালমা আক্তার, ভাইস প্রেসিডেন্ট শামীম এ মোর্শেদ, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আখতার হামিদ খান, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মঞ্জুর মফিজ, ব্যাংকের কারওয়ান বাজার শাখার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট চৌধুরী মঞ্জুর লিয়াকত, একই শাখার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাহবুবুজ্জামান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কাজী আশরাফ আলী ও অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. আল মামুন।
জিজ্ঞাসাবাদের জন্য গত বৃহস্পতিবার তাঁদের নোটিশ পাঠানো হয়।
দুদক সূত্র জানায়, জাহাজ রপ্তানির নামে ঋণ জালিয়াতির মাধ্যমে আনন্দ শিপইয়ার্ড দেশের ১২টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রায় এক হাজার ৩০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এর মধ্যে এবি ব্যাংকের কারওয়ান বাজার শাখা থেকে ১৮৬ কোটি ৯০ লাখ টাকা ঋণের নামে আত্মসাতের অভিযোগ রয়েছে।