এভাবে দেখা হবে ভাবেননি তাঁরা!
কক্সবাজারের মহেশখালী থেকে চট্টগ্রামের শাহ আমানত সেতু। ভাড়ায়চালিত মাইক্রোবাসে করে প্রায় ১২০ কিলোমিটার পথ নিরাপদেই পাড়ি দিলেন স্বামী-স্ত্রী। সেতু পার হওয়ার পরই ‘হোঁচট’ খান তাঁরা। পুলিশি তল্লাশির মুখে পড়েন স্বামী-স্ত্রী। এর পরই শুরু তিন ঘণ্টার নাটকীয়তা।
স্বামী আজিজুল হক ও স্ত্রী সুমি আক্তারের গন্তব্য ছিল চট্টগ্রাম শহরের রসুলবাগ এলাকায়। সেখানে মোহাম্মদ ইয়াকুব নামের এক ব্যক্তি তাঁদের অপেক্ষায় ছিলেন। অন্যদিকে জিইসি মোড় এলাকায় ইয়াকুবের অপেক্ষায় ছিলেন ইমরান নামের আরও এক ব্যক্তি।
আজিজুল, সুমি, ইয়াকুব ও ইমরান—এই চারজন আবার একসূত্রে গাঁথা। তাঁরা সবাই অস্ত্র কেনাবেচায় জড়িত। বিকেল সাড়ে চারটায় তল্লাশির সময় দুটি এলজিসহ গ্রেপ্তার হন স্বামী-স্ত্রী। পুলিশের চোখ ফাঁকি দিতে অস্ত্র দুটি সুমি তাঁর কোমরে রেখেছিলেন। ওই অস্ত্রের শেষ গন্তব্য ছিল জিইসি মোড়ে। তবে তা সুমির জানা ছিল না।
স্বামী-স্ত্রীর দায়িত্ব ছিল অস্ত্র দুটি রসুলবাগ এলাকায় গিয়ে মোহাম্মদ ইয়াকুবের কাছে পৌঁছে দেওয়া। এর পর ইয়াকুবের কাছ থেকে এলজি দুটি বুঝে নেবেন ইমরান হোসেন। তিনিই অস্ত্র দুটির মূল ক্রেতা। যাঁর সঙ্গে যাঁর দেখা হওয়ার কথা, সবই ঠিকমতো হয়েছে। বিকেল সাড়ে চারটা থেকে সন্ধ্যা সাতটার মধ্যে অস্ত্র হাতবদল হয়েছে। তবে পুলিশের পাতা ফাঁদে ধরা পড়ে শেষ পর্যন্ত অস্ত্রসহ চারজনেরই ঠিকানা হয়েছে বাকলিয়া থানায়।
এ বিষয়ে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন প্রথম আলোকে জানান, স্বামী-স্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, পুলিশ প্রথমে রসুলবাগে যায়। সেখানে ইয়াকুবকে ধরা হয়। তাঁর বিরুদ্ধে ছিনতাই-ডাকাতিসহ অন্তত পাঁচটি মামলা রয়েছে। এরপর কথামতো যাওয়া হয় জিইসি মোড়ে। সেখান থেকে গ্রেপ্তার করা হয় ইমরানকে।
ওসি বলেন, চারজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। তাঁরা থানা হেফাজতে রয়েছেন।