এভাবে প্রতারণা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আপনার ছেলে হাসপাতালের অপারেশন থিয়েটারে (ওটিতে)। জরুরি অপারেশন না করালে বাঁচানো যাবে না। এখনই টাকা লাগবে। দ্রুত বিকাশ করে ৫০ হাজার টাকা পাঠান।’ হঠাৎ ফোন করে পুলিশ কর্মকর্তার পরিচয় দিয়ে এভাবে বলে ঘাবড়ে দেওয়া হতো পরিবারকে। পরিবারের লোকেরাও বেশির ভাগ সময় কোনো কিছু না ভেবে পাঠিয়ে দিতেন নির্দিষ্ট অঙ্কের টাকা। আর এভাবেই মানুষকে প্রতারিত করত প্রতারক চক্রটি।

মোবাইল ফোনে প্রতারণার ফাঁদ পেতে মানুষের কাছ থেকে এভাবে অর্থ হাতিয়ে নেওয়ার এমন তথ্য দিয়েছে বগুড়ার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) হাতে গ্রেপ্তার সংঘবদ্ধ প্রতারক চক্রের দুই সদস্য জাকির হোসেন (২১) ও মুসা মিয়া (২২)। আজ রোববার বগুড়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. কামরুজ্জামানের আদালতে ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এমন তথ্য দেন তাঁরা।
বগুড়ার এক ব্যক্তির কাছ থেকে ২০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় পিবিআই সদস্যরা প্রযুক্তির মাধ্যমে প্রতারক চক্রের ওই দুই সদস্যসহ চারজনকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গত শনিবার রাতে গ্রেপ্তার করে। জাকির ও মুসা ছাড়া বাকি দুজন হলেন ইলিয়াস (৩১) ও রবিউজ্জামান (৩৩)।
পিবিআই-বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আকতার হোসেন প্রথম আলোকে বলেন, ২৬ মার্চ বগুড়ার জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তির মোবাইলে অচেনা একটি নম্বর থেকে কল আসে। ফোনকল দাতা নিজেকে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিচয় দিয়ে জাহাঙ্গীরকে বলেন ‘আপনার ছেলে কক্সবাজার হাসপাতালে ভর্তি। তাঁর অবস্থা আশঙ্কাজনক। এখনই অপারেশন করতে হবে। জরুরি ২০ হাজার টাকা পাঠান।’ বিকাশের মাধ্যমে টাকা পাঠানোর পর জাহাঙ্গীর আলম প্রতারিত হওয়ার বিষয়টি বুঝতে পারেন। ৩১ মার্চ তিনি বগুড়া সদর থানায় মামলা করেন। মামলাটি তদন্তের দায়িত্ব পাওয়ার পর মোবাইলের প্রযুক্তি ব্যবহার করে প্রতারক চক্রকে শনাক্ত এবং গ্রেপ্তার করা হয়।
আকতার হোসেন বলেন, আদালতে দেওয়া জবানবন্দিতে প্রতারক চক্রের সদস্য জাকির হোসেন ও মুসা মিয়া স্বীকার করেন, নিজেদের পুলিশ কর্মকর্তা এএসপি ও ওসি পরিচয় দিয়ে খোদ কয়েকজন পুলিশ কর্মকর্তার কাছ থেকেও অর্থ হাতিয়েছেন তাঁরা। প্রতারক চক্রের সদস্যরা গ্রামীণফোনের কর্মকর্তা পরিচয়েও ফাঁদ পাততেন। এই প্রতারক চক্রের ফাঁদে অনেকেই পা দিচ্ছেন।