এম এ মান্নানের বিরুদ্ধে দুর্নীতির মামলা করছে দুদক
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত মেয়র এম এ মান্নানের বিরুদ্ধে এবার মামলা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সিটি করপোরেশনের দরিদ্র ও ত্রাণ তহবিলের প্রায় ৪৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে এ মামলা হবে।
দুদকের জনসংযোগ বিভাগ জানিয়েছে, গতকাল রোববার কমিশন এ মামলার অনুমোদন দিয়েছে। আজ সোমবার গাজীপুরের জয়দেবপুর থানায় মামলাটি করবেন সংস্থার উপপরিচালক মো. সামছুল আলম।
সূত্র জানায়, এম এ মান্নান ছাড়াও সিটি করপোরেশনের হিসাবরক্ষণ কর্মকর্তা মো. গোলাম কিবরিয়াকে মামলায় আসামি করা হচ্ছে। তাঁদের বিরুদ্ধে সংস্থার ৪৯ লাখ ১ হাজার ৮৪৮ টাকা আত্মসাতের অভিযোগ আনা হচ্ছে।
এম এ মান্নান বর্তমানে কারাগারে রয়েছেন। গত ১৮ এপ্রিল তাঁকে মেয়র পদ থেকে দ্বিতীয়বারের মতো সাময়িকভাবে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। গত বছরের ৪ ফেব্রুয়ারি রাতে গাজীপুরে যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলার মামলায় অভিযোগপত্র আদালতে গ্রহণের কথা উল্লেখ করে ১৯ আগস্ট মেয়র মান্নানকে সাময়িক বরখাস্ত করে মন্ত্রণালয়।