>গত শনিবার রাজারহাট ফাজিল ডিগ্রি মাদ্রাসায় নিয়োগ পরীক্ষা হয়। নিয়োগ বোর্ডের ৫ সদস্যের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুজ্জামান সরকার অনুপস্থিত ছিলেন
কুড়িগ্রামের রাজারহাট পাঠানহাট মহিলা দাখিল মাদ্রাসায় এমএলএসএস পদে নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। ওই পদের জন্য প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কমিটির সভাপতি শফিকুল ইসলামের ছোট ভাই আশিকুর রহমানকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে। আশিকুররা দুই ভাই, তাঁদের চাচাতো ভাই ও প্রতিবেশী একজন ওই পদের প্রার্থী ছিলেন। অভিযোগ উঠেছে, বিজ্ঞপ্তি গোপন করে অর্থ লেনদেনের মাধ্যমে নিয়োগ-প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
মাদ্রাসা কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার রাজারহাট ফাজিল ডিগ্রি মাদ্রাসায় নিয়োগ পরীক্ষা হয়। নিয়োগ বোর্ডের ৫ সদস্যের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুজ্জামান সরকার অনুপস্থিত ছিলেন। অন্য সদস্যরা হলেন মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি শফিকুল ইসলাম, মাদ্রাসা ও কারিগরি অধিদপ্তর, ঢাকার সহকারী পরিচালক ফারুক আহমেদ, মাদ্রাসার দাতা সদস্য দেয়ানত উল্লাহ ব্যাপারী এবং সুপার আ খ ম মোখতার আলী। এমএলএসএস পদে প্রার্থী ছিলেন চারজন। তাঁরা হলেন শফিকুলের দুই ভাই আশিকুর ও আনিছুর রহমান, চাচাতো ভাই রুবেল আহম্মেদ ও প্রতিবেশী রবিউল ইসলাম।
অভিযোগ উঠেছে, আগে থেকেই আশিকুরকে নিয়োগ দেওয়ার বিষয়ে দফারফা হয়েছে। মাত্র ১৫ মিনিটে লিখিত পরীক্ষা শেষ করা হয়। মৌখিক পরীক্ষা না নিয়েও কাগজে-কলমে তা দেখানো হয়। পুরো প্রক্রিয়া ছয় লাখ টাকায় ব্যবস্থা করে দিয়েছেন আওয়ামী লীগের স্থানীয় এক নেতা। এর আগে গত মে মাসে ওই পদে পরীক্ষায় দুজন উপস্থিত হওয়ায় নিয়োগ বোর্ড বাতিল হয়ে যায়।
এসব অভিযোগ সম্পর্কে মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি শফিকুল বলেন, কয়েক মাস আগে এ পদে নিয়োগ-প্রক্রিয়া ভেস্তে গিয়েছিল। তখনো অনেক টাকা খরচ হয়েছিল। এবার সবকিছুর দায়িত্ব দেওয়া হয়েছিল উপজেলা আওয়ামী লীগের নেতাকে। উনি সবকিছু করেছেন। আশিকুরকে ওই পদে চূড়ান্তকরতেসব মিলিয়ে ছয় লাখ টাকা খরচ হয়েছে।
মাদ্রাসার সুপার আ খ ম মোখতার আলী বলেন, ‘আশিকুরকে এমএলএসএস পদে চূড়ান্ত করা হলেও এখনো নিয়োগপত্র দেওয়া হয়নি। আর টাকাপয়সা কমিটির সবাই নিয়েছেন। দলীয় লোকজনকে দিতে হয়েছে। আপনারা সবই জানেন, বেসরকারি প্রতিষ্ঠানে কীভাবে নিয়োগ হয়।’
এর আগে গত ২২ মে আয়া পদে নিয়োগ দেওয়া হয়েছিল। ওই পদের জন্য পাঁচ লাখ টাকা আদায় করার বিষয়ে তিনি বলেন, নিয়োগ কমিটির খরচ বাদে বাকি টাকা প্রতিষ্ঠানের কাজে লাগানো হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুজ্জামান সরকার বলেন, ‘ওই পদের নিয়োগে অনিয়মের কথা আগেই শুনেছিলাম। এ কারণে নিয়োগ বোর্ডে উপস্থিত হইনি।’