এমডির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলার শ্যামপুর সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবুল কালাম আজাদের বিরুদ্ধে সরকারি গাছ কেটে বাসার আসবাব তৈরিসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এমডির অপসারণ ও শাস্তির দাবিতে গতকাল বুধবার মিলের শ্রমিক-কর্মচারীরা তাঁর বাসভবন ঘেরাও ও বিক্ষোভ করেন। এমডি তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন।

গত মঙ্গলবার গভীররাতে চিনি পরিবহনকারী ট্রাকে করে এমডি নতুন বানানো বেশ কিছু আসবাব নিজের ঢাকার বাসায় পাঠানোর চেষ্টাকালে শ্রমিকেরা ট্রাকটি আটক করেন। এরপরই তাঁরা এমডির বাসভবন ঘেরাওসহ বিক্ষোভ শুরু করেন।

নাম প্রকাশ না করার শর্তে অন্তত পাঁচজন শ্রমিক অভিযোগ করেন, আবুল কালাম আজাদ গত বছর এই সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক পদে যোগ দেন। এরপরই তিনি নানান অনিয়ম-দুর্নীতিতে জড়িয়ে পড়েন। তিনি বন বিভাগের অনুমতি না নিয়ে সম্প্রতি মিল চত্বরের অন্তত ২০টি মেহগনি ও কাঁঠালগাছ কৌশলে কেটে নিয়ে গোপনে আসবাব তৈরি করেন। গত মঙ্গলবার মধ্যরাতে মিলের চিনি পরিবহনকারী একটি ট্রাকে করে ওই আসবাবগুলো তুলে তিনি ঢাকার নিজ বাসায় নেওয়ার চেষ্টা করেন। এ সময় কিছু শ্রমিক বিষয়টি টের পেয়ে ট্রাকটি আটকে দেন। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে আসেন শ্যামপুর সুগার মিল এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি খতিবুর রহমানসহ মিলের আশপাশের এলাকায় বসবাসকারী শ্রমিক-কর্মচারীরা।

গতকাল বুধবার বেলা একটার দিকে শ্যামপুর সুগার মিল চত্বরে গিয়ে দেখা যায়, শ্রমিক-কর্মচারীরা এমডি আবুল কালাম আজাদের অপসারণ ও শাস্তির দাবিতে বিক্ষোভ করছেন। শ্রমিকদের আন্দোলনের মুখে তিনি নিজ বাসভবন থেকে সটকে পড়েছেন বলে শ্রমিকেরা অভিযোগ করেন।

খতিবুর রহমান অভিযোগ করেন, ‘ট্রাকের চিনির বস্তা সরিয়ে ২৪টি কাঠের চেয়ার, একটি টেবিল, একটি ওয়ার্ডরোব, দুটি বক্স খাট, দুই সেট সোফা, দুটি গোল টেবিলসহ বেশ কিছু আসবাব পাওয়া যায়। আসবাবগুলো তিনি মধ্যরাতে ওই ট্রাকে করে গোপনে ঢাকার বাসায় নেওয়ার চেষ্টা করছিলেন। এরপর চিনি ও আসবাবসহ ট্রাকটি মিল চত্বরে রেখে ভোরে আমরা বাসায় যাই। সকালে এসে জানতে পারি, এমডি আবুল কালাম আসবাবগুলো ট্রাক থেকে নামিয়ে নিজ কোয়ার্টারে নিয়ে গেছেন।’ তিনি আরও বলেন, এই এমডি মিল চত্বরের অন্তত ১০ লাখ টাকা মূল্যের গাছ অবৈধভাবে কেটে ওই আসবাবগুলো বানিয়েছেন।

শ্রমিকনেতা অভিযোগ করেন, ‘শুধু অবৈধভাবে সরকারি গাছ কেটে নেওয়াই নয়। তিনি (এমডি) গত জানুয়ারিতে ফ্রি সেলের (৫৫০ টন) প্রতি বস্তা চিনিতে ১০ টাকা, মিলের কর্মচারী কর্মকর্তাদের গ্র্যাচুইটি এবং প্রভিডেন্টের (পিএফ) টাকা প্রদানে শতকরা ১০ টাকা করে প্রকাশ্যে ঘুষ নেন। এই দুর্নীতিবাজ এমডির অপসারণ ও তদন্ত সাপেক্ষে তাঁর শাস্তির দাবি করছি আমরা।’

মুঠোফোনে গতকাল বুধবার সন্ধ্যায় ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবুল কালাম আজাদ বলেন, ‘শ্রমিক-কর্মচারীরা মিলের নিয়মনীতির তোয়াক্কা করেন না। এ কারণে তাঁদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নিয়েছি। ইতিমধ্যে দুজন কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এতে তাঁরা ক্ষুব্ধ। মিলের সভাপতির স্বার্থ রক্ষা না করায় তিনিও তাঁদের সঙ্গে যোগ দিয়ে আমার বিরুদ্ধে উঠেপড়ে লেগেছেন। আমি চোর না। গাছ কাটা বা কোনো অনিয়ম-দুর্নীতির সঙ্গে আমি জড়িত নই। ফার্নিচারগুলো নিজের টাকায় তৈরি করে চিনির ট্রাকে করে ঢাকার বাসায় পাঠাচ্ছিলাম।’