এমপি হোস্টেলে অফিস খুলে তদবির, প্রতারণা!
জাতীয় সংসদ ভবনসংলগ্ন এমপি হোস্টেলে অফিস খুলে তদবির ও প্রতারণা করার অভিযোগে মো. মাহমুদুল হাসান ওরফে মনির হোসেন (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সেনা কর্মকর্তা সেজে তিনি প্রায় এক বছর ধরে ওই অফিসে বসে বিভিন্ন মন্ত্রণালয়ে তদবির এবং চাকরি দেওয়ার নামে লোকজনের কাছ থেকে টাকা হাতিয়ে নেন।
এ ঘটনায় জাতীয় সংসদের মতো সংরক্ষিত ও সর্বোচ্চ স্পর্শকাতর স্থাপনার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
শেরেবাংলা নগর থানার পুলিশ গত মঙ্গলবার রাতে এমপি হোস্টেল থেকে মাহমুদুল হাসানসহ চারজনকে আটক করে। অপর তিনজন হলেন হাসান মাহমুদ ওরফে রিপন, মো. ইউসুফ আলী ও মো. ইদ্রিছ আলী। রাতেই এই চারজনসহ ছয়জনকে আসামি করে শেরেবাংলা নগর থানায় বিশেষ ক্ষমতা আইনের ১৫(১) (ঙ)/২৩ (৩)/২৫-খসহ পিসি ৪১৯ ধারায় মামলা করা হয়। অপর দুই আসামি হলেন সংসদ সচিবালয়ের এমপি হোস্টেল শাখার প্রশাসনিক কর্মকর্তা সুজিত কুমার দে এবং ওই এমপি হোস্টেলের তত্ত্বাবধায়ক সালাহ উদ্দিন। গতকাল বুধবার সালাহ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করা পাঁচজনকে পরে আদালতে পাঠিয়ে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়।
মামলার বাদী হয়েছেন সংসদের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশের পরিদর্শক ইদ্রিছ আলী।
এমপি হোস্টেলের চার নম্বর ব্লকের ১০০ নম্বর ফ্ল্যাটে মাহমুদুল হাসান ওই অফিস খুলে বসেছিলেন। ফ্ল্যাটটি নড়াইল-১ আসনের আওয়ামী লীগের সাংসদ কবিরুল হকের নামে বরাদ্দ করা।
গতকাল মুঠোফোনে যোগাযোগ করলে সাংসদ কবিরুল হক প্রথম আলোকে বলেন, ‘এসব বিষয়ে আমি কিছুই জানি না। বরাদ্দ পাওয়ার পর ওই ফ্ল্যাটে আমি এক দিনই গেছি। ফ্ল্যাটের চাবি থাকে কেয়ারটেকারের (তত্ত্বাবধায়ক) কাছে। আমার ব্যর্থতা হচ্ছে, আমি এর কোনো খোঁজখবর রাখিনি।’
পুলিশ ও সংসদ সচিবালয়ের একাধিক সূত্র জানায়, মাহমুদুল হাসান দীর্ঘদিন ধরে জাতীয় সংসদ ও পাশের এমপি হোস্টেলে অবাধে যাতায়াত করছেন। একপর্যায়ে তিনি সংসদ সচিবালয়ের দুই কর্মকর্তা-কর্মচারীর সহযেগিতায় এমপি হোস্টেলের ওই ফ্ল্যাটে অফিস খোলেন। অভিযোগ রয়েছে, সেখানে বসে তিনি বিভিন্ন মন্ত্রণালয়ে তদবির করতেন এবং চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে অনেকের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিতেন। মঙ্গলবার রাতে ওই ফ্ল্যাট থেকে জাতীয় সংসদ এলাকার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ মাহমুদুল হাসানসহ চারজনকে আটক করে। তখন সালাহ উদ্দিন ওই ফ্ল্যাটেই ছিলেন। সালাহ উদ্দিনের দেওয়া তথ্যের ভিত্তিতে সুজিত কুমার দেকে আসামি করে পুলিশ।
জানতে চাইলে সুজিত কুমার দে প্রথম আলোর কাছে দাবি করেন, বিষয়টি সম্পর্কে তিনি কিছুই জানেন না। তিনি বলেন, ‘আমার দায়িত্ব হচ্ছে শুধু ফ্ল্যাটের বরাদ্দপত্র দেওয়া। এর বাইরে কিছু দেখা আমার দায়িত্ব নয়। কেয়ারটেকার সালাহ উদ্দিন আমাকে জড়িয়েছে।’
মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম বলেন, মাহমুদুল হাসান সংরক্ষিত এলাকায় অবস্থান করে নানা অপরাধমূলক কাজ করছিলেন। তিনি নিজেকে কখনো সেনাবাহিনীর মেজর, কখনো ডিজিএফআইয়ের কর্মকর্তা, কখনো প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা পরিচয় দিয়ে এসব করতেন।
হুমকিতে নিরাপত্তা: সংসদ সচিবালয়ের একজন পদস্থ কর্মকর্তা বলেন, সংসদ ভবন এলাকার সার্বিক নিরাপত্তায় সার্জেন্ট অ্যাট আমর্সের নেতৃত্বে সব মিলিয়ে তিন শতাধিক নিরাপত্তাকর্মী পর্যায়ক্রমে দায়িত্ব পালন করেন। নৌ ও বিমানবাহিনী, পুলিশ, আনসারের সদস্যদের নিয়ে এ নিরাপত্তাবলয় গঠিত।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সংসদ ভবন এলাকার চারপাশের ছয়টি প্রবেশপথে নিরাপত্তা চৌকি বা বাঁশকল দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করে। এর মধ্যে তিনটি প্রবেশপথ দীর্ঘদিন থেকে বন্ধ। এ ছাড়া পুলিশের একটি টহল দলের সংসদ ভবনের চারপাশে সার্বক্ষণিক টহলের নির্দেশনা আছে। এর জন্য জাতীয় সংসদ থেকে আলাদা গাড়ি ও জ্বালানি তেলের বরাদ্দও রয়েছে।
এমপি হোস্টেলে বাইরের লোকের অফিস খোলা এবং অবাধে যাতায়াত জাতীয় সংসদের নিরাপত্তার দুর্বলতা কি না, জানতে চাইলে সংসদের নিরাপত্তার দায়িত্বে থাকা সার্জেন্ট অ্যাট আর্মস আশরাফুল ইসলাম বলেন, ‘সংসদের নিরাপত্তা খুব সুন্দরভাবে চলছে।’ নিরাপত্তায় দায়িত্বে কোন বাহিনীর কত জন আছেন, জানতে চাইলে তিনি জনসংযোগ কর্মকর্তার সঙ্গে কথা বলার পরামর্শ দেন।