রাজধানীর মনিপুর স্কুল অ্যান্ড কলেজের এমপিওভুক্ত (বেতন বাবদ সরকারি অনুদান পাওয়া) শিক্ষকদের উৎসবভাতা না দেওয়ার অভিযোগ উঠেছে।
এমপিওভুক্ত দুজন শিক্ষক প্রথম আলোর কাছে অভিযোগ করেন, এমপিওভুক্ত শিক্ষকদের বাদ দেওয়ার জন্য প্রতিষ্ঠান কর্তৃপক্ষ নানাভাবে চেষ্টা করছে। এরই অংশ হিসেবে এখন এমপিওভুক্ত শিক্ষকদের বলা হচ্ছে, এমপিও প্রত্যাহার না করলে প্রতিষ্ঠান থেকে উৎসবভাতা দেওয়া হবে না।
এই শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকেরা সরকার থেকে মূল বেতনের ২৫ শতাংশ ও স্কুল থেকে বাকি অংশ উৎসবভাতা পেয়ে আসছেন।
এ বিষয়ে গত মঙ্গলবার কলেজটির অধ্যক্ষ ফরহাদ হোসেনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, সরকার থেকে উৎসবভাতার টাকা এলেই দেওয়া হবে। কিন্তু স্কুল থেকে দেওয়া উৎসবভাতার অংশের বিষয়ে তিনি কিছু না বলেই ফোনের সংযোগ কেটে দেন।
এমপিওভুক্ত এক শিক্ষক গতকাল রোববার প্রথম আলোকে বলেন, ব্যাংকে খোঁজ নিয়ে জানতে পেরেছেন, এমপিওভুক্ত শিক্ষক ছাড়া অন্যদের প্রতিষ্ঠান থেকে উৎসবভাতা দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ মনে করছে, এমপিওভুক্ত শিক্ষকদের বাদ দিতে পারলে শিক্ষাপ্রতিষ্ঠানটি পুরোপুরি বেসরকারিভাবে পরিচালনা করা যাবে। তখন পরিচালনা পর্ষদ ইচ্ছামতো প্রতিষ্ঠান চালাতে পারবে।
শিক্ষাপ্রতিষ্ঠানটিতে প্রায় ৬০০ শিক্ষক আছেন। এর মধ্যে প্রায় ৭০ জন এমপিওভুক্ত। তবে গত কয়েক দিনে কয়েকজন শিক্ষক এমপিও প্রত্যাহার করেছেন।
কয়েক দিন আগে মানোন্নয়নের কথা বলে এই বিদ্যালয়ের সব শিক্ষকের পরীক্ষা নেয় কর্তৃপক্ষ। এমপিওভুক্ত শিক্ষকদের অভিযোগ, ওই পরীক্ষায় শিক্ষকেরা ভালো করায় ও বিষয়টি গণমাধ্যমের নজরে আসায় কলেজ কর্তৃপক্ষ এখন নতুন ‘ফন্দি’ করছে।