এমপির ভাতিজা হেরোইনসহ গ্রেপ্তার, কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের সংসদ সদস্য মোতাহার হোসেনের ভাতিজা মীর সাব্বির হোসেনকে (২৮) আজ রোববার কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গতকাল শনিবার বিকেল পাঁচটার দিকে তিস্তা ব্যারাজ এলাকার দোয়ানী পুলিশ ফাঁড়ির সদস্যরা হেরোইনসহ তাঁকে গ্রেপ্তার করেন।

শনিবার সন্ধ্যায় হাতীবান্ধার দোয়ানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সেলিম রেজা বাদী হয়ে মীর সাব্বির হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হাতীবান্ধা থানায় মামলা করেন। এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ রোববার বিকেলে লালমনিরহাটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে লালমনিরহাট জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, গতকাল শনিবার বিকেলে নীলফামারী জেলার জলঢাকা থেকে সড়কপথে ফিরছিলেন মীর সাব্বির হোসেন। এ সময় তিস্তা ব্যারাজ এলাকার দোয়ানী পুলিশ ফাঁড়ির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে সাব্বিরকে তল্লাশি করে হেরোইনসহ আটক করেন।

মামলার বাদী এসআই সেলিম রেজা এবং হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, মীর সাব্বির হোসেনের কাছ থেকে পাঁচ গ্রাম ওজনের আট পুরিয়া হেরোইন উদ্ধার হওয়ায় তাঁর বিরুদ্ধে যথাযথ নিয়মে মামলা করা হয়েছে। মামলার তদন্ত চলছে, তদন্তের আলোকে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, মীর সাব্বির হোসেন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেন এমপির ছোট ভাই মোয়াজ্জেম হোসেন ওরফে বাবুল হোসেন ওরফে বাবুল মিয়ার ছেলে। এর আগে ২০১৩ সালের ২৪ মার্চ রাতে তিস্তা ব্যারাজের নিরাপত্তায় নিয়োজিত কর্মীদের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে হাতীবান্ধা থানার পুলিশ মীর সাব্বির হোসেনকে আটক করেছিল। পরদিন ২৫ মার্চ বিকেলে তাঁকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে লালমনিরহাট জেলা কারাগারে পাঠানো হয়। এ নিয়ে ২০১৩ সালের ২৫ মার্চ প্রথম আলোর অনলাইন সংস্করণে ‘লালমনিরহাটে প্রতিমন্ত্রীর ভাতিজা কারাগারে’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। পরদিন ২৬ মার্চ প্রথম আলোয় ‘সরকারি কাজে বাধার অভিযোগ, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর ভাতিজা সাব্বির গ্রেপ্তার’ শিরোনামে আরও একটি সংবাদ প্রকাশিত হয়।

এ ব্যাপারে মীর সাব্বির হোসেনের চাচা মোতাহার হোসেন এমপি এবং চাচাতো ভাই হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগের মুঠোফোনে আজ রোববার বিকেলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের মতামত পাওয়া যায়নি।