এরশাদের এপিএস পরিচয় দেওয়া যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির প্রধান হুসেইন মুহম্মদ এরশাদের এপিএস ও পালিত ছেলে পরিচয়দানকারী আশরাফুল ইসলাম (২০) নামের এক যুবককে গত বৃহস্পতিবার বিকেলে রংপুর থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল শুক্রবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
পুলিশ জানায়, রংপুর সদরের বিনোদপুর গ্রামের আশরাফুল গত ২৮ আগস্ট তিনটি মুঠোফোন নম্বর থেকে রংপুরের বিভাগীয় কমিশনার, লালমনিরহাট জেলা প্রশাসক এবং লালমনিরহাটের নেজারত ডেপুটি কালেক্টরকে (এনডিসি) ফোন করেন। এ সময় তিনি কারও কাছে এরশাদের পালিত ছেলে আবার কারও কাছে এপিএস পরিচয় দিয়ে কিছু লোকের জন্য চাকরি দাবি করেন। বিষয়টি জেলা প্রশাসনের পক্ষ থেকে গোয়েন্দা সংস্থা ও র‌্যাবকে জানানো হয়। বৃহস্পতিবার বিকেলে রংপুর থেকে র‌্যাব তাঁকে গ্রেপ্তার করে লালমনিরহাট সদর থানায় হস্তান্তর করে। পরে এনডিসি কার‌্যালয়ে নাজির শৈবাল কান্তি রায় বৃহস্পতিবার রাতে আশরাফুলের বিরুদ্ধে মামলা করেন।
লালমনিরহাটের এনডিসি এস এম সাইফুর রহমান বলেন, আশরাফুল পৌর তহশিল কার‌্যালয়ের উমেদার। তিনি গত ২০ আগস্ট ফোন করে জেলা রাজস্ব শাখায় চলা তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী পদে লোক নিয়োগের যে প্রক্রিয়া চলছে, তাঁর অধীনে একটি চাকরি দাবি করেন। আর চাকরি না দিতে পারলে পাঁচ লাখ টাকা দাবি করেন।
লালমনিরহাট সদর থানার ওসি মাহফুজুর রহমান বলেন, আশরাফুলের কাছ থেকে তিন কর্মকর্তাকে ফোন করা তিনটি পৃথক সিম জব্দ করা হয়েছে।