চোর সন্দেহে এক তরুণকে আটকে রেখে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে তাঁকে গ্রেপ্তার করে। গতকাল সোমবার সকাল ছয়টায় চট্টগ্রামের নিউ মনসুরাবাদ বাগানবাড়ি আবাসিক এলাকার এ ঘটনা শেষ পর্যন্ত ‘চোর-পুলিশ’ ঘটনায় সীমাবদ্ধ থাকেনি।
গ্রেপ্তারের পর নগরের আকবর শাহ থানায় এরশাদ হোসেন (২০) ওরফে মামুন সাংবাদিকদের কাছে নিজেকে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) চট্টগ্রাম জেলার কমান্ডার দাবি করেন। এর আগে সকালে এলাকার লোকজনের উপস্থিতিতে তাঁর ভাড়া বাসায় অভিযান চালিয়ে পুলিশ ২০০ গ্রাম গানপাউডার, পুস্তক, ডেটনেটর, পেনসিল ব্যাটারি, বৈদ্যুতিক তার, স্ক্রু, পেরেক ও বাইসাইকেল উদ্ধার করে।
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) বনজ কুমার মজুমদার জানান, জেএমবির জেলা কমান্ডার দাবিদার গ্রেপ্তার এরশাদের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। তাঁর সহযোগীদের ধরতে পুলিশের অভিযান চলছে।
আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ বলেন, এরশাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইন ও বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা এবং আজ মঙ্গলবার আদালতে তাঁকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে।
এরশাদ সাংবাদিকদের কাছে দাবি করেন, ২০২০ সালের মধ্যে ভারত, বাংলাদেশ ও মিয়ানমার নিয়ে ‘ইসলামিক ল অ্যান্ড ফোর্স হিন্দুস্তান’ নামে ইসলামি রাষ্ট্র গঠনের জন্য কাজ করছেন তাঁরা। হরকাতুল জিহাদ (হুজি), হিযবুত তাহ্রীর ও আনসারুল্লাহ বাংলা টিমের যোগাযোগ রয়েছে। কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসাশিক্ষার্থীদের লক্ষ্য করে গোপনে দাওয়াতি কাজ চালাচ্ছেন তাঁরা। সেনাবাহিনী, র্যাব ও পুলিশকে প্রতিরোধ করতে নিজেদের শক্তি বৃদ্ধির জন্য কাজ করছেন।
সাংবাদিকদের কাছে এরশাদ তাঁর নেতা হিসেবে মো. ফারদিন ও ফুয়াদ নামের দুই ব্যক্তির নাম বলেন। বর্তমান জেএমবির নেতৃত্ব ও ইসলামিক ল অ্যান্ড ফোর্স হিন্দুস্তানের নেতা কারা এ বিষয়ে তিনি কিছু বলতে চাননি। তাঁর বাসা থেকে উদ্ধার করা বিস্ফোরক মো. ফারদিন ও ফুয়াদ রেখে গেছেন বলে দাবি করেন তিনি।
২০১১ সালে দিনাজপুরের বালান্দর উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পাস করেছেন জানিয়ে এরশাদ সাংবাদিকদের বলেন, স্কুলে পড়ার সময় শিবিরকে সমর্থন করতেন। পরে ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্নে তিনি জেএমবিতে জড়িয়ে পড়েন। জেএমবির হয়ে কাজ করার পর ২০১৪ সালের জানুয়ারি মাসে চট্টগ্রামে আসেন। দুই মাস আগে বাগানবাড়ি এনআর গেট এলাকায় ঘর ভাড়া নেন। তাঁর দাবি, আইনশৃঙ্খলা বাহিনী যাতে সন্দেহ না করে সে জন্য ফটোস্ট্যাট ও মনোহারি পণ্যের দোকান দেন। মাঝেমধ্যে তাঁর নেতা ফারদিন দোকানে আসতেন। দোকানটি ভাড়া ও অগ্রিম টাকা দিয়েছেন ওই নেতা।
চট্টগ্রামে আসার পর কীভাবে নেতাদের সঙ্গে যোগাযোগ করতেন জানতে চাইলে এরশাদ জানান, বিভিন্ন দোকানে গিয়ে ই-মেইলে যোগাযোগ করতেন। কখনো মুঠোফোনে যোগাযোগ করতেন। তবে দুই মাস ধরে তাঁর কাছে কোনো মুঠোফোন নেই।
বগুড়ায় একে ২২ ও একে ৪৭ রাইফেল চালানোর প্রশিক্ষণ নিয়েছেন বলে দাবি করেন এরশাদ। বর্তমানে চট্টগ্রামে জেএমবির এহসার (সার্বক্ষণিক সদস্য) ১০০-১৫০, গায়রে এহসার (সাধারণ সদস্য) রয়েছেন দাবি করেন এরশাদ।
এরশাদ জানান, তাঁর বাড়ি দিনাজপুরে। তাঁরা দুই ভাই, দুই বোন। দুই বছর ধরে পরিবারের সঙ্গে তাঁর কোনো যোগাযোগ নেই।
নগর পুলিশ কমিশনার মো. আবদুল জলিল মণ্ডল গতকাল বেলা ১১টায় আকবর শাহ থানায় সাংবাদিকদের বলেন, হুজি, জেএমবি ও শিবির আলাদা সংগঠন হলেও সরকারবিরোধী আন্দোলনে তারা এক হয়ে গেছে। তাদের লক্ষ্য সেনাবাহিনী, র্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা চালানো।
যেভাবে গ্রেপ্তার: বাগানবাড়ি আবাসিক এলাকার এনআর গেটের চট্টগ্রাম-ঢাকা রেললাইনের পূর্ব পাশে বাঁশের বেড়া ও টিনের ছাউনির ১০ ফুট বাই ১২ ফুটের জসীম কলোনির ১৭ নম্বর কক্ষ মাসিক ১ হাজার ৪০০ টাকায় ভাড়া নিয়েছেন এরশাদ। কলোনির মালিক মো. জসীম উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের নেতা। তিনি জানান, বোমা তৈরির সরঞ্জামসহ এক তরুণ গ্রেপ্তার হওয়ার বিষয়টি তিনি শুনেছেন।
স্থানীয় বাসিন্দা নূরনবী প্রথম আলোকে জানান, মাথায় টুপি ও জ্যাকেট পরা অপরিচিত এক যুবক গতকাল ভোর সাড়ে পাঁচটার দিকে এলাকার মীর আউলিয়া জামে মসজিদের পাশে এক নারী পথচারীকে থামান। তাঁর মুঠোফোন দিয়ে কথা বলতে চান। এ সময় ভয়ে ওই নারী চিৎকার দেন। তখন আশপাশ থেকে লোকজন জড়ো হয়।
নূরনবী জানান, পরিচয় জানতে চাইলে ওই তরুণ (এরশাদ) তাঁকে মেরে ফেলার হুমকি দেন। এ সময় মসজিদ থেকে বের হন ইমাম মাওলানা আবদুল মান্নানও। রেললাইনে পাহারার দায়িত্বে থাকা আনসার সদস্যরাও ছুটে আসেন। আকবর শাহ থানা পুলিশকে বিষয়টি জানানো হয়। লোকজন তাঁকে চোর সন্দেহে আটকে রাখে। পরে পুলিশ এসে স্থানীয় লোকজনের উপস্থিতিতে এরশাদের ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করে।