এলজিইডির কর্মকর্তা গ্রেপ্তার
সহকর্মীকে শ্লীলতাহানি ও হত্যাচেষ্টার অভিযোগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকল্প পরিচালক গোপাল চন্দ্র রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে রাজধানীর নিউ ইস্কাটনের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে রমনা মডেল থানা-পুলিশ। গোপাল চন্দ্র রায়কে গ্রেপ্তার করতে পুলিশের দলে ছিলেন রমনা থানার উপপরিদর্শক আনিসুর রহমান। প্রথম আলোকে তিনি বলেন, আদালতের ওয়ারেন্টের ভিত্তিতে গোপাল চন্দ্রকে সকাল আটটার দিকে তাঁর বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। রমনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান প্রথম আলোকে বলেন, গোপাল এলজিইডির একটি প্রকল্পের পরিচালক। তাঁর বিরুদ্ধে আদালতে তাঁরই এক নারী সহকর্মী শ্লীলতাহানি, মারধর ও হত্যাচেষ্টার মামলা করেছেন। তারই পরিপ্রেক্ষিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তবে অভিযোগের বিষয়ে বিস্তারিত কিছু তিনি জানাতে পারেননি।