এলজিইডির কর্মচারী খুন টাকা ও গয়না লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শাহজাহানপুরের এক বাসায় আবদুল জলিল মিয়া (৫৩) নামের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) এক কর্মচারীকে খুন করে দুর্বৃত্তরা নগদ টাকা ও গয়না লুট করেছে বলে অভিযোগ উঠেছে। গত সোমবার মধ্যরাতে শাহজাহানপুরের মোমেনবাগে এ ঘটনা ঘটে।
পরিবারের অভিযোগ, চিৎকার-চেঁচামেচি করায় জলিলকে খুন করা হয়েছে। তবে পুলিশ বলছে, তারা খুনের কোনো আলামত পায়নি। ধারণা করা হচ্ছে, ডাকাতের ভয়ে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন জলিল।
নিহত ব্যক্তির গ্রামের বাড়ি ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর সুলতানপুরে। উপজেলা এলজিইডিতে তিনি ক্লার্ক কাম টাইপিস্ট (সিসিটি) পদে কর্মরত ছিলেন। গত শুক্রবার চিকিৎসার জন্য তিনি স্ত্রীসহ ঢাকায় বড় ছেলে পারভেজ আহমেদের বাসায় উঠেছিলেন।
নিহত ব্যক্তির ছোট ছেলে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বশির আহমেদ প্রথম আলোকে বলেন, রাত আড়াইটার দিকে রান্নাঘরের জানালার গ্রিল কেটে চার-পাঁচজন যুবক তাঁর ভাইয়ের বাসায় ঢোকে। এরপর ধারালো অস্ত্রের মুখে তাঁর বাবা-মা ও ভাই-ভাবিকে জিম্মি করে সবার হাত-পা বেঁধে ফেলে। পরে একটি কক্ষে তাঁর মা, ভাই ও ভাবিকে এবং আরেকটি কক্ষে তাঁর বাবাকে নিয়ে যায় তারা। পরে বাসা থেকে নগদ প্রায় ১০ লাখ টাকা ও ৯ থেকে ১০ ভরি স্বর্ণালংকার লুট করে পাঁচটার দিকে চলে যায় দুর্বৃত্তরা।
বশির জানান, বছর খানেক আগে তাঁর বাবার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল। ওই যুবকেরা বাসায় ঢোকার পর তিনি চিৎকার-চেঁচামেচি করেছিলেন। সম্ভবত চিৎকার-চেঁচামেচিতে সমস্যা হতে পারে ভেবে যুবকেরা বালিশ চাপা দিয়ে তাঁর বাবাকে হত্যা করেছে।
তবে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী কর্মকর্তা শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, হত্যার কোনো আলামত পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, ভয়ে হৃদ্রোগে আক্রান্ত হয়ে আবদুল জলিল মারা গেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।
এদিকে ঘটনার বিবরণ দিয়ে গতকাল মঙ্গলবার শাহজাহানপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছে আবদুল জলিলের পরিবার। জানতে চাইলে শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, এটা ডাকাতির ঘটনা। পরিবারের অভিযোগ আমলে নিয়ে খুনসহ ডাকাতির ধারায় মামলা হবে। তদন্ত করে জড়িত লোকদের গ্রেপ্তার করা হবে।