এলজিইডির তিন প্রকৌশলীকে দুদকের জিজ্ঞাসাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তিন প্রকৌশলীকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার দুদকের উপপরিচালক মীর জয়নুল আবেদীন শিবলী তাঁদের জিজ্ঞাসাবাদ করেন।


এলজিইডির সাবেক প্রধান প্রকৌশলী ওয়াহিদুর রহমানের নিয়োগ বাণিজ্য, বদলি বাণিজ্য ও অবৈধ সম্পদ অর্জনসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে এই তিন প্রকৌশলীকে তলব করা হয়।

যাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাঁরা হলেন এলজিইডি সদর দপ্তরের জ্যেষ্ঠ সহকারী প্রকৌশলী মো. জহুরুল আলম মণ্ডল, সহকারী প্রকৌশলী আতিয়ার রহমান ও এ এফ এস কে মো. নজরুল ইসলাম।

জ্যেষ্ঠ সহকারী প্রকৌশলী ফিরোজ আলম তালুকদার ও নির্বাহী প্রকৌশলী মো. আবদুস সাত্তারকে জিজ্ঞাসাবাদ করার কথা থাকলেও দেশের বাইরে থাকায় তাঁরা হাজির হতে পারেননি বলে দুদককে জানিয়েছে এলজিইডি।

আগামীকাল বৃহস্পতিবার আরও পাঁচ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করার কথা রয়েছে। এঁরা হলেন নির্বাহী প্রকৌশলী মো. নজরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শহিদুর রহমান প্রামাণিক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. মহসীন, প্রকল্প পরিচালক (সিডিএসপি-৪) মোহাম্মদ রেজাউল করিম এবং উপজেলা প্রকৌশলী খন্দকার আসাদুজ্জামান।

একই অভিযোগ অনুসন্ধানে এলজিইডির কর্মকর্তা ছাড়াও আরও ১৫ প্রকৌশলীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে বলে দুদক সূত্রে জানা গেছে।