এলাকা ছেড়ে আত্মগোপনে অনেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার পাইকগাছা উপজেলায় তথাকথিত ‘বন্দুকযুদ্ধে’ ১৩ জন নিহত হওয়ার ঘটনায় দায়েরকৃত মামলার তদন্ত শুরু হয়েছে। এদিকে এ ঘটনার চার দিন পার হলেও এলাকায় বিরাজ করছে থমথমে অবস্থা। অনেকেই নিরাপত্তার অভাব ও ভয়ে এলাকা ছেড়ে অন্যত্র থাকা শুরু করেছেন।
পুলিশের দাবি, কলেজশিক্ষক প্রশান্ত কুমার ঢালীকে অপহরণের ঘটনাকে কেন্দ্র করে পবিত্র ঈদুল আজহার আগের দিন রোববার সকাল ও দুপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ১৩ জন ‘ডাকাত’ নিহত হয়। পরে শিক্ষককে অপহরণ, ‘বন্দুকযুদ্ধে ডাকাত’ নিহত হওয়া ও অস্ত্র উদ্ধারের ঘটনায় থানায় পাঁচটি মামলা হয়।
এলাকাবাসী জানান, ‘বন্দুকযুদ্ধের’ ওই ঘটনার পর দস্যু বাহিনীর ভয়ে এলাকার অনেকেই আত্মগোপনে থাকা শুরু করেছেন। অনেকে বাড়ি ছেড়ে আত্মীয়স্বজনের বাড়িতে থাকছেন। একই অবস্থা শিক্ষক প্রশান্ত কুমার ঢালীর পরিবারেরও। পরিবারটির সদস্যরা অন্যত্র থাকছেন। ‘বন্দুকযুদ্ধের’ পর পুলিশের যতটুকু তৎপরতা থাকার কথা ছিল, ততটা দেখা যাচ্ছে না।
প্রশান্ত কুমার ঢালীর মেজো ভাই নারায়ণ চন্দ্র ঢালী বলেন, ‘প্রশান্তকে অপহরণ করার ঘটনাকে কেন্দ্র করে বন্দুকযুদ্ধ ঘটেছে। তাই আমাদের ভয় তো করছেই। তাই আমরা এখন আর বাড়ি থাকি না। ফোনও বন্ধ রেখেছি। অনেকটা নিরাপত্তাহীনতায়ও ভুগছি।’
হাটবাড়ি এলাকার বাসিন্দা রিংকু রায় বলেন, ‘পুলিশ টহল দিচ্ছে বটে, কিন্তু তৎপরতা কম। ঘটনার পর থেকে এলাকার অবস্থাশালী লোকেরা আত্মগোপনে চলে গেছেন। তাঁরা ভাবছেন, কখন বা কাশেম বাহিনী তাঁদের হুমকি দেয় বা তুলে নিয়ে যায়।’
নাম প্রকাশে অনিচ্ছুক জিরবুনিয়ার এক বাসিন্দা বলেন, ‘জনগণ ধরে না দিলে পুলিশ তাঁদের (দস্যুদের) কখনো ধরতে পারত না। তা ছাড়া এত বড় একটি ঘটনার পর চার দিনেও আর কাউকে আটক করতে পারেনি পুলিশ। কেবল লোক দেখানো টহল দিয়ে শেষ। তাহলে কোন ভরসায় এলাকায় থাকব। তাই এলাকা ছেড়ে খুলনা শহরে থাকা শুরু করেছি।’
তবে পুলিশ এলাকায় যথেষ্ট পরিমাণে নিরাপত্তা দিচ্ছে দাবি করে পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আক্কাজ আলী প্রথম আলোকে বলেন, ‘আমরা টহল বাড়িয়ে দিয়েছি। মামলায় কাশেম বাহিনীসহ অন্য বাহিনীর যেসব নেতা ও দস্যুর নাম এসেছে, তাদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। তবে যেহেতু প্রশান্তকে ঘিরে ঘটনা, সে কারণেই তিনি বাড়ি ছেড়ে আত্মীয়স্বজনের বাড়ি থাকছেন।’
আজকে (বৃহস্পতিবার) কোনো অভিযান হয়েছে কি না, জানতে চাইলে ওসি বলেন, ‘আমরা করিনি। তবে অন্য থানারা করেছে কি না জানি না।’
খুলনার পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, কাশেম বাহিনীর প্রধান কাশেমকে ধরতে গতকাল দাকোপের কালাবগিতে অভিযান চালানো হয়েছে। ঘটনার পর তারা গা ঢাকা দিয়েছে। এ ছাড়া মানুষের নিরাপত্তায় দাকোপ ও পাইকগাছা এলাকার উপকূলীয় অঞ্চলে পুলিশি টহল বাড়ানো হয়েছে। ফলে কারও ভয় পাওয়ার কিছু নেই।