এলাকাবাসী বানালেন রাস্তা, টাকা আত্মসাৎ করলেন জনপ্রতিনিধিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুরে এলাকাবাসীর উদ্যোগে নির্মিত রাস্তায় কাবিখার প্রকল্প দেখিয়ে ইউপি চেয়ারম্যান ও দুই সদস্য অর্থ আত্মসাৎ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বহুরিয়া ইউনিয়নের বহুরিয়া বাজার থেকে বলাই রাজবংশীর বাড়ি পর্যন্ত ওই রাস্তা নির্মাণ করা হয়েছে।
বহুরিয়া গ্রামের বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে তাঁরা রাস্তাটি নির্মাণের দাবি জানাচ্ছিলেন। কিন্তু স্থানীয় জনপ্রতিনিধিরা কেউই এগিয়ে আসেননি। রাস্তার দুই পাশে প্রায় ৪০টি পরিবার বাস করে। এখান দিয়ে উপজেলার বুধিরপাড়া, মন্দিরাপাড়া, সরিষাদাইড়, পাহাড়পুর, কামারপাড়া, চামুটিয়া, শশধর পট্টিসহ আশপাশের কয়েকটি গ্রামের লোকজন চলাচল করেন। পরে রাস্তাটি নির্মাণের জন্য বহুরিয়া গ্রামের ব্যবসায়ী ছানোয়ার হোসেন ও তাঁর প্রতিবেশী আমজাদ হোসেন এগিয়ে আসেন। প্রায় দুই মাস আগে অন্য প্রতিবেশীদের সহযোগিতায় তাঁরা রাস্তাটি নির্মাণ করেন।
সরেজমিনে জানা গেছে, গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া লৌহজং নদ থেকে ড্রেজার (খননযন্ত্র) দিয়ে পাইপের মাধ্যমে বালু ফেলে রাস্তাটি উঁচু করা হয়েছে। সেখান দিয়ে লোকজন যাতায়াত শুরু করেছেন।
ওই গ্রামের আবদুল হকের স্ত্রী বলেন, তাঁরা বালু দিয়ে বাড়ির পাশের গর্ত ভরাট করতে ২০ হাজার টাকা দিয়েছেন। বাসিন্দা লাল মিয়া বলেন, রাস্তায় মাটি ফেলার সময় তিনি বাড়ির পাশের গর্ত ভরাটের জন্য ছানোয়ারকে পাঁচ হাজার টাকা দিয়েছেন।
ছানোয়ার হোসেন বলেন, স্থানভেদে পাশে ১০ থেকে ১৪ ফুট ও ৬ থেকে ৭ ফুট উচ্চতার প্রায় ৬০০ ফুট দৈর্ঘ্যের ওই রাস্তাটিতে ৭০ হাজার ঘনফুট মাটি ফেলা হয়। এ জন্য প্রায় ২ লাখ ৭০ হাজার টাকা ব্যয় হয়েছে। ছোট-বড় গর্ত ভরাটসহ রাস্তার কাজের জন্য আশপাশের বাড়ির মালিকদের কাছ থেকে প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা আর্থিক সহায়তা পেয়েছেন। তিনি আরও বলেন, প্রায় ১৫ দিন আগে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় থেকে দুজন লোক রাস্তা মাপতে আসেন। সে সময় তিনি জানতে পারেন, রাস্তাটির জন্য কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) প্রকল্পের কিছু চাল বরাদ্দ করা হয়েছে, যার চূড়ান্ত বিল দিতে রাস্তা মাপা হচ্ছে। এ সময় উপস্থিত বহুরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শাজাহান মিয়া ও রেদুয়ান সিকদারের কাছে বিষয়টি জানতে চাইলে তাঁরা রাস্তা নির্মাণের জন্য তাঁকে কিছু টাকা দেবেন বলে জানান।
ছানোয়ারের প্রতিবেশী আমজাদ হোসেন বলেন, ‘কাজ শুরুর আগে মেম্বার (ইউপি সদস্য) দুই টন টিআর (চাল) দেবেন বলে জানিয়েছিলেন। কিন্তু তা এখনো আসেনি। প্রায় ১৫ দিন আগে রাস্তা মাপার জন্য পিআইওর কার্যালয় থেকে লোক এনেছিলেন, কিন্তু আমরা মাপতে দিইনি।’
চেয়ারম্যান ছাইদুর রহমান বলেন, বরাদ্দকৃত চাল ইউপি সদস্য শাজাহান ও রেদুয়ানের সামনে ছানোয়ারকে বুঝিয়ে দেওয়া হয়েছে। তাঁর কাছে এ-সংক্রান্ত কাগজ আছে বলে দাবি করেন তিনি। তবে ছানোয়ার বলেন, চেয়ারম্যান তাঁকে শাজাহান মিয়ার মাধ্যমে ২৫ হাজার টাকা দিয়েছেন।
ইউপি সদস্য শাজাহান মিয়া বলেন, ওই রাস্তার জন্য কাবিখার সাড়ে চার টন চাল বরাদ্দ হয়েছিল। তা পুরোটাই ছানোয়ারকে দেওয়া হয়েছে।
এ ব্যাপারে রেদুয়ান সিকদারের মুঠোফোনে ফোন করলেও তিনি ধরেননি।
পিআইও আক্তারুজ্জামান ওই রাস্তার জন্য সাড়ে চার টন কাবিখার চাল বরাদ্দ হয়েছে উল্লেখ করে বলেন, প্রতি টন চাল বাবদ সংশ্লিষ্ট ব্যক্তিরা ১৬ হাজার ৫০০ থেকে ১৭ হাজার টাকা পেয়েছেন। তাঁর কার্যালয়ের কেউ আর্থিক লেনদেনের সঙ্গে সম্পৃক্ত নন বলে দাবি করেন তিনি।