এলাকাবাসীর দাবি ভালো ছেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাতকড়া পরিয়ে বাসা থেকে বের করা হলো তাঁকে। রাস্তায় নামিয়েই শুরু হলো মারধর। একপর্যায়ে অচেতন হয়ে পড়েন তিনি। এরপর তাঁকে তোলা হয় সাদা মাইক্রোবাসে। তিনি রাজধানীর কদমতলী থানার দনিয়া ক্লাব রোড এলাকার বাসিন্দা মেজবাহ উদ্দিন ওরফে তারেক (২৪)।
গতকাল সোমবার এলাকায় গেলে স্থানীয় অর্ধশতাধিক মানুষ মেজবাহর ওপর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) নির্যাতনের বর্ণনা দেন। প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, একটা ভালো ছেলেকে পিটিয়ে মেরে বন্দুকযুদ্ধের গল্প সাজানো হয়েছে। রোববার সকালে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন মেজবাহ।
মেজবাহকে এলাকাবাসী ভালো বললেও ডিবি বলছে, তিনি অস্ত্র ব্যবসায়ী। তবে তাঁর বিরুদ্ধে কোথাও কোনো মামলা কিংবা সাধারণ ডায়েরি ছিল কি না—এ প্রশ্নে কোনো তথ্য দিতে পারেনি পুলিশ।
মেজবাহকে গত রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গুলিবিদ্ধ অবস্থায় নিয়ে যায় রাজধানীর মুগদা থানার পুলিশ। আর রাত নয়টার দিকে ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিহত যুবকের নাম তারেক মাসুদ। অস্ত্র ব্যবসার অভিযোগে শনিবার রাত আড়াইটার দিকে কদমতলী থানা এলাকা থেকে তাঁকে আটক করা হয়। সহযোগীদের ধরতে রাজধানীর মুগদার মান্ডার নিউ মডেল টাউনসংলগ্ন বালুর মাঠে অভিযান চালানো হয়। এ সময় ‘বন্দুকযুদ্ধে’ মেজবাহ নিহত হন।
মেজবাহর পরিবার জানায়, উচ্চমাধ্যমিক পাস করে নারায়ণগঞ্জে ইপিজেডে চাকরি করতেন মেজবাহ। চাকরি ছেড়ে দিয়ে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তাই নারায়ণগঞ্জ ছেড়ে এ মাস থেকে ঢাকায় মা-বাবার সঙ্গে বাসায় থাকা শুরু করেন তিনি।
ময়নাতদন্ত শেষে গত রোববার রাতেই মেজবাহর লাশ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়ায় নিয়ে যাওয়া হয়। ফলে গতকাল বাসায় গিয়ে পরিবারের কাউকে পাওয়া যায়নি।
তবে বাসায় কথা হয় ভাড়াটে বিউটি বেগমের সঙ্গে। তিনি জানান, চার কক্ষের বাসাটি মেজবাহদের। তিনি দুই কক্ষ ভাড়া নিয়ে থাকেন। তিনি বলেন, শনিবার রাত আড়াইটার দিকে অস্ত্র নিয়ে ডিবি পরিচয়ে কয়েকজন লোক বাসায় ঢুকে মেজবাহকে হাতকড়া পরিয়ে নিয়ে যায়। কয়েকজন পুরো বাসা ও বাসার পানির ট্যাংকে তল্লাশি চালায়। কিন্তু কিছুই পায়নি তারা। বিউটি বলেন, ‘আমারও সন্তান আছে। আমারে মাইরা ফেললেও বলব, মেজবাহ ভালো ছেলে।’
বিউটির সঙ্গে কথা বলার সময় ভিড় করেন এলাকার আরও কয়েকজন। দেখতে দেখতে এ সংখ্যা পঞ্চাশের মতো হয়। একটি বাড়ির দোতলা থেকে এক নারী চিৎকার করে বলছিলেন, ‘ভালো ছেলেটারে মারছে। আল্লাহ বিচার করব।’
প্রত্যক্ষদর্শী এক যুবক প্রথম আলোকে বলেন, ‘আমি এক বাড়ির চারতলায় থাকি। শনিবার রাত আড়াইটার দিকে শব্দ পাইয়া বারান্দায় আইসা দেখি, মেজবাহকে রাস্তায় কয়েকজন লোক মারতেছে। কাঁদতে কাঁদতে মেজবাহ বলতেছিল, “কী চাইতেছেন স্যার?”। লোকগুলা বলতেছিল, “অস্ত্র কই রাখছস?”। মেজবাহ যতই অস্ত্র কই পামু বলে, ততই জোরে মারতে থাকে। প্রায় দুই ঘণ্টা মারল। এরপর একটা পুলিশের গাড়ি আইল। দেখি মেজবাহ অচেতন। সাদা একটা মাইক্রোবাসে মেজবাহরে উঠাইয়া কই জানি নিয়া গেল।’
স্থানীয় একজন চারতলা থেকে মুঠোফোনে এই মারধরের দৃশ্য ধারণ করেন। কিন্তু রাস্তা অন্ধকার থাকায় ছবিটি অস্পষ্ট, তবে মারধরের শব্দ স্পষ্ট।
আরেকজন প্রত্যক্ষদর্শী জানান, ‘মেজবাহ যদি খারাপ হতো, তাহলে এত কথা বলতাম না। এত অস্ত্রবাজ-চাঁদাবাজ আছে, পুলিশ তাদের কিছু করে না।’
‘মেজবাহর বিরুদ্ধে কোনো মামলা বা জিডি আছে কি না’ জানতে চাইলে কদমতলী থানার ওসি আবদুস সালাম বলেন, ‘এটা আমার দেখার দরকার নাই। নিশ্চয় বড় কোনো কিছুই পাইছে, তাই ডিবির লোকেরা তাকে ধরছে।’ ‘বড় কিছু কী?’ প্রশ্ন করলে ওসি বলেন, ‘তা অবশ্য আমি জানি না।’
ডিবির উপকমিশনার (ডিসি) শেখ নাজমুল আলম নির্যাতনের অভিযোগ অস্বীকার করে বলেন, এলাকাবাসী হয়তো মেজবাহর অপরাধে সম্পৃক্ততার বিষয়ে জানেন না।
ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম গতকাল এক সংবাদ সম্মেলনে বলেন, প্রতিটি বন্দুকযুদ্ধের ঘটনার পরে মামলা হয়। সেই মামলার নির্বাহী তদন্ত হয়। সেই তদন্তে পুলিশ কী পরিস্থিতিতে গুলি করেছিল, তা বিবেচনায় নেওয়া হয়। সেখানে আদৌ গুলি করার প্রয়োজন ছিল কি না ইত্যাদি খতিয়ে দেখা হয়। এ ঘটনায়ও তদন্ত হবে। যদি পুলিশের দোষ পাওয়া যায়, তবে ব্যবস্থা নেওয়া হবে।
যে জায়গায় ‘বন্দুকযুদ্ধ’ হয়েছে বলে ডিবির দাবি, সেই এলাকাটি গ্রীন মডেল টাউন কর্তৃপক্ষের মালিকানাধীন। মুগদার প্রধান সড়ক থেকে প্রায় পাঁচ কিলোমিটার পূর্বে গ্রীন মডেল টাউন এলাকা। এ এলাকাটি সংরক্ষিত। এখানে কোনো বসতি নেই। চারদিকে শুধু কাশবন আর গাছগাছালি। এখানে ঢোকার মুখেই রয়েছে নিরাপত্তা প্রহরা। গতকাল বিকেল চারটার দিকে বন্দুকযুদ্ধের স্থানে গিয়ে দেখা গেল রক্তের দাগ। এরপর বিস্তীর্ণ বিলে শুধুই পানি।
নিরাপত্তা ব্যবস্থাপক মোক্তার হোসেন বলেন, ‘গত রোববার সকাল সাতটার দিকে ডিবির একটি গাড়ি প্রজেক্টের ভেতরে ঢোকে। যেখানে ঘটনা, তার আশপাশে মো. জাফর ও মো. শামীম নামে আমাদের দুজন নিরাপত্তাকর্মীর দায়িত্ব ছিল। ডিবির লোকেরা তাদের “একটা অপারেশন আছে” বলে সরে যেতে বললে তারা সরে যায়।’
যোগাযোগ করা হলে জাফর বলেন, ‘ডিবি তো আমাদের খেদাইয়া দিছে। খেদানোর পর কয়েকটা গুলির শব্দ শুনছি।’
নিরাপত্তাকর্মীরা জানান, প্রশাসনের লোকেরা অনায়াসে এ এলাকায় ঢুকতে পারেন। আর জনসাধারণের জন্য শুক্রবার উন্মুক্ত থাকে। এ ছাড়া আর কেউ এখানে ঢুকতে পারেন না।