এলাকাবাসীর বিক্ষোভ পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও টুঙ্গিপাড়া পৌর ছাত্রলীগের সভাপতি নুরুল ইসলামকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ করেছে এলাকাবাসী। এ ঘটনায় এলাকাবাসীর সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।
এলাকাবাসী ও থানা-পুলিশ সূত্র জানায়, গত রোববার রাত আটটার দিকে টুঙ্গিপাড়া পৌরসভার ওই কাউন্সিলরকে গোপালগঞ্জ শহরের সরকারি বঙ্গবন্ধু কলেজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ওই কাউন্সিলরের বিরুদ্ধে লোকজন নিয়ে টুঙ্গিপাড়ার খান সাহেব শেখ মোশারেফ হোসেন স্কুল অ্যান্ড কলেজে হামলার ঘটনায় মামলা রয়েছে। তিনি সেই মামলার প্রধান আসামি। ওই দিনই স্কুলের প্রধান শিক্ষক আকরামুজ্জামান বাদী হয়ে ৫০ জনকে আসামি করে স্কুলে হামলা ও ভাঙচুরের অভিযোগ এনে টুঙ্গিপাড়া থানায় একটি মামলা করেন।
গতকাল সোমবার সকাল নয়টার দিকে ওই কাউন্সিলরকে গ্রেপ্তারের প্রতিবাদে ও মুক্তির দাবিতে এলাকাবাসী টুঙ্গিপাড়া পৌরসভা এ বিক্ষোভ মিছিল বের করে।
বিক্ষোভকারীরা মিছিল নিয়ে টুঙ্গিপাড়া ইউএনওর বাসার গেটে যান। বিক্ষোভকারীরা ইউএনওর কাছে কাউন্সিলরের নিঃশর্ত মুক্তির দাবি জানান। ইউএনও মো. সফি উল্লাহ তাদের বিষয়টি সমাধানের আশ্বাস দেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই সময় ইউএনওর কার্যালয়ের সামনে পুলিশ আসতে দেখে বিক্ষোভকারীরা উত্তেজিত হয়ে পড়ে এবং পুলিশকে ধাওয়া দেয়। এ সময় পুলিশের সঙ্গে জনতার পাল্টাপাল্টি ধাওয়া হয়।
টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. মুজাহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
গত বুধবার খান সাহেব শেখ মোশারেফ হোসেন স্কুল অ্যান্ড কলেজে অষ্টম শ্রেণিতে ক্লাস ক্যাপ্টেন পাটগাতি গ্রামের সোহাগ ফকির ও টুঙ্গিপাড়া গ্রামের নাঈম মৃধার সঙ্গে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। গত শনিবার এ নিয়ে ওই দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।