এলাকাবাসীর হামলা পুলিশসহ আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার দড়িপাড়া এলাকায় গত শুক্রবার রাতে সাদাপোশাকে অভিযানের সময় পুলিশের ওপর এলাকাবাসীর হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পাঁচ পুলিশসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আহত সদস্যরা হলেন কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জামিল উদ্দিন ওরফে রাশেদ (৩২) ও আমিনুর রহমান (৩০); কনস্টেবল জিয়াউর রহমান (৩০), নজরুল ইসলাম (৫৫), মো. মনির হোসেন (৩৫) ও আনসার সদস্য মনির হোসেন (৪৫)। এলাকাবাসীর মধ্যে হৃদয় রোজারিও (৩৫), অনিক রোজারিও (২১), ধ্বনি (৪৫), মন্দিরা (৪৫), প্লাসিড রোজারিও (৩২), রাজীব রোজারিওসহ (২৮) অন্তত নয়জন আহত হন।
পুলিশ সূত্রে জানা গেছে, দড়িপাড়া এলাকায় মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের উৎপাত ব্যাপকভাবে বেড়ে গেছে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে থানার পুলিশ গ্রামের এক বাড়িতে অভিযান চালাতে যায়। এ সময় মাদকাসক্ত কিছু লোক তিন পুলিশকে ঘরের ভেতর আটকে ডাকাত ডাকাত বলে চিৎকার শুরু করেন। এ সময় এলাকাবাসীর সঙ্গে পুলিশের কথা-কাটাকাটিও হয়। একপর্যায়ে মাদক ব্যবসায়ী ও সেবীরা এলাকাবাসীকে উসকে দিয়ে পুলিশ সদস্যদের মারধর করান। এ সময় লাঠির আঘাতে পুলিশের কয়েকজন সদস্য আহত হন। এরপর থানার অতিরিক্ত পুলিশ গিয়ে ফাঁকা গুলি ছুড়ে ও লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় বাসিন্দা মিনা ক্রুশ বলেন, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সাদাপোশাকে তিন কনস্টেবল ও দুই এসআই দড়িপাড়া গ্রামে তাঁর ঘরে জোরপূর্বক প্রবেশ করেন। এ সময় পরিচয় জানতে চাইলে তাঁরা থানার পুলিশ বলে জানান। পুলিশের পোশাক ও পরিচয়পত্র না থাকায় বাড়ির লোকজন ডাকাত ডাকাত বলে চিৎকার করলে এলাকাবাসী ছুটে আসেন। এ সময় পুলিশ সদস্যরা তাঁর বাড়ির বারান্দার একটি কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দেন। খবর পেয়ে থানার পুলিশ গিয়ে এলাকাবাসীকে লাঠিপেটাসহ কয়েকটি ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় কয়েকজন এলাকাবাসী আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে পুলিশ এসআই জামিল উদ্দিন ও আমিনুর রহমান, কনস্টেবল জিয়াউর রহমান, নজরুল ইসলাম, মো. মনির হোসেন এবং আনসার সদস্য মনির হোসেনকে উদ্ধার করে।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কবির হায়দার বলেন, কালীগঞ্জ থানার পুলিশের কয়েকজন সদস্য হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন।
কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ দত্ত বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেছে।