এলাকাবাসীর হামলায় দুই কর্মকর্তা আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুরে গ্যাস সরবরাহ লাইন সম্প্রসারণ প্রকল্পে মাঠপর্যায়ে সম্ভাব্য অধিগ্রহণ নকশার ভিডিওচিত্র ধারণের সময় ক্যামেরাসহ মুঠোফোন ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। এ সময় তিতাস গ্যাসের দুজন কর্মকর্তা আহত হন।
গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার বরমী ইউনিয়নের সোনাকর এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির উপসহকারী প্রকৌশলী সেলিম ও জরিপ কর্মকর্তা জসীম উদ্দিন।
প্রকল্প কর্মকর্তা, এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রকল্পের দ্বিতীয় ধাপে ম্যাপ অনুযায়ী যে জায়গা দিয়ে লাইনটি সরবরাহ করা হবে সেসব জায়গার ভিডিওচিত্র ধারণ করা হচ্ছিল। গাজীপুরে প্রতিদিনি ৪০ লাখ ঘনফুট গ্যাসের সংকট রয়েছে। ওই সংকট সমাধানের জন্য একনেক থেকে প্রকল্পটি অনুমোদিত হওয়ার পর কাজ শুরু হয়। প্রাথমিকভাবে গ্যাস লাইন সম্প্রসারণের জন্য ম্যাপ তৈরি করা হয়। ওই ম্যাপে কোনো ঘরবাড়ি ছিল না। গ্যাস লাইন সম্প্রসারণের খবর পেয়ে একটি মহল ম্যাপ অনুযায়ী বাড়িঘর নির্মাণ শুরু করে। গাজীপুর জেলা প্রশাসকের ভূমি অধিগ্রহণ শাখা ও তিতাস গ্যাস কর্মকর্তাদের একটি দল গতকাল মঙ্গলবার শ্রীপুরের সোনাকর এলাকায় ভিডিওচিত্র ধারণ করছিল। এ সময় স্থানীয় বরমী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ আবদুর রাজ্জাক ব্যাপারী ও তার লোকজন ভিডিওচিত্র ধারণের সময় ওই সব কর্মকর্তার মারধর এবং তাঁদের ভিডিও ক্যামেরাসহ মুঠোফোন ছিনিয়ে নেয়। এ সময় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির দুজন কর্মকর্তা আহত হন।
এলাকাবাসী আরও জানায়, ওই প্রকল্পের সঙ্গে যাঁরা জড়িত তাঁরা একশ্রেণির দালালদের সঙ্গে যোগসাজশ করে এলাকায় গ্যাস সম্প্রসারণ লাইনে ঘরবাড়ি নির্মাণ শুরু করে।
প্রকল্পের পরিচালক আবদুস সাত্তার অভিযোগটি অস্বীকার করে বলেন, এ রকম হলে প্রাথমিক কাজ শুরুর আগেই প্রকল্পসংশ্লিষ্ট লোকজন তা করতে পারতেন।
অভিযুক্ত বরমী ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রাজ্জাক ব্যাপারী সাংবাদিকদের বলেন, কর্মকর্তাদের ওপর তিনি বা তার লোকজন কোনো হামলা করেননি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদেকুর রহমান জানান, ‘কর্মকর্তাদের ওপর হামলার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করি। তাঁরা অন্যায়ভাবে সরকারি লোকজনের ওপর এ হামলা চালিয়েছে।’