ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এলাকাবাসীর হামলায় চিকিৎসা কর্মকর্তাসহ ছয়জন আহত হয়েছেন। বিনা টিকিটে চিকিৎসকের কাছে যেতে না দেওয়ায় গতকাল সোমবার এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল উচালিয়াপাড়া গ্রামের আল-আমীন, সজল মিয়া ও মাসুম মিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত কর্মচারী মুসলিম লস্করের (২৭) কাছে টিকিটের জন্য নির্ধারিত তিন টাকা বাবদ ছয় টাকা দেন। বাকি তিন টাকা ফেরত দেওয়ার জন্য বললে তখন তাঁরা তাঁকে ১০০ টাকা ভাঙতি করে দিতে বলেন। কিন্তু মুসলিমের সহকারী ওই টাকা নিয়ে ফিরে এলে তাঁরা বিনা টিকিটে চিকিৎসকের কাছে যাওয়ার জন্য দাবি করেন। মুসলিম এতে অপারগতা প্রকাশ করেন। এ নিয়ে ওই তিনজনের সঙ্গে মুসলিম লস্করের বাগ্বিতণ্ডা হয়। পরে আল-আমীনের নেতৃত্বে উচালিয়াপাড়া গ্রামের ৩০ থেকে ৪০ জন লাঠিসোঁটা নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ঢোকেন। তাঁরা মুসলিমের ওপর হামলা চালিয়ে মারধর ও আসবাব ভাঙচুর করেন। এ সময় তাঁকে রক্ষা করতে অফিস সহকারী তারিকুল ইসলাম (৩০), হিসাবরক্ষক মোতাহার আলী (৪৫) ও ল্যাব টেকনিশিয়ান ফরিদ মিয়া (৪৫) এগিয়ে এলে তাঁদেরও মারধর করা হয়। একপর্যায়ে তাঁরা আবাসিক চিকিৎসা কর্মকর্তা নোমান মিয়া, উপসহকারী চিকিৎসা কর্মকর্তা মাহবুবুর রহমানকেও মারধর করে । পরে পুলিশ এলে তাঁরা পালিয়ে যান। মুসলিম লস্কর বলেন, ওই তিনজন তাঁর কাউন্টার থেকে সাড়ে সাত হাজার টাকা নিয়ে গেছেন।
নোমান মিয়া বলেন, ঘটনার সঙ্গে জড়িতরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত এ কর্মবিরতি চলবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সালেহ মুসা খান বলেন, ‘ওই গ্রামের কয়েকজন বখাটের জন্য আমরা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা প্রাচীরও নির্মাণ করতে পারছি না। আমরা এ ব্যাপারে মামলার প্রস্তুতি নিচ্ছি।’
সরাইল থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হবে।