এলাকার নিয়ন্ত্রণ নিয়েই আসলাম ও সাবিনার সমর্থকদের সংঘাত
ঢাকা-১৪ আসনের সাংসদ আসলামুল হকের সমর্থকেরা তিন কারণে সংরক্ষিত নারী আসনের সাংসদ সাবিনা আক্তারের সমর্থকদের ওপর হামলা করেছেন বলে মনে করছেন আওয়ামী লীগের স্থানীয় নেতারা। তাঁদের দাবি, ভবিষ্যতে এলাকার দখল হারানোর শঙ্কা, থানা কমিটিতে নিজ সমর্থকদের উপেক্ষা এবং গাবতলী বাস টার্মিনালের নিয়ন্ত্রণ নিয়ে এ হামলার ঘটনা ঘটেছে।
গত রোববার জামায়াতে ইসলামীর ডাকা হরতালের বিরুদ্ধে কর্মসূচি পালনকালে রাজধানীর মিরপুরে আওয়ামী লীগের দুই সাংসদ আসলামুল হক ও সাবিনা আক্তারের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় গুলিও হয়। সংঘর্ষে সাবিনা আক্তারসহ অন্তত ১৮ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে ছররা গুলিতে আহত হয়েছেন পুলিশের তিন সদস্য।
এ ঘটনা নিয়ে গতকাল সোমবার এই প্রতিবেদকের সঙ্গে মিরপুর, শাহ আলী ও দারুস সালাম থানা এলাকার আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের একাধিক নেতার কথা হয়। তাঁরা বলছেন, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ হওয়ার আগে সাবিনার সঙ্গে সুসম্পর্ক ছিল আসলামুল হকের। ২০১৪ সাল পর্যন্ত তাঁরা প্রতিটি সামাজিক-রাজনৈতিক কর্মকাণ্ডে একযোগে অংশ নিয়েছেন। কিন্তু ২০১৪ সালে সাবিনা সংরক্ষিত আসনে সাংসদ হওয়ার পর এ চিত্র পাল্টে যায়।
ওই নেতাদের মতে, ২০১৪ সালে সাংসদ হওয়ার পরপরই এলাকায় রাস্তাসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড শুরু করেন সাবিনা আক্তার। সিটি করপোরেশনের বিভিন্ন কাজও পান সাবিনার সমর্থকেরা। তবে ভবিষ্যতে এলাকার দখল হারাতে পারেন—এই আশঙ্কায় ক্ষুব্ধ হন আসলামের সমর্থকেরা। এরপর থেকেই ঢাকা-১৪ আসনকেন্দ্রিক রাজনীতির নিয়ন্ত্রণ, কমিটি গঠনসহ বিভিন্ন বিষয় নিয়ে অনেক দিন ধরেই আসলাম-সাবিনার বিরোধ চলছিল। স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনও আসলাম ও সাবিনা গ্রুপে বিভক্ত। জানা গেছে, ওই এলাকায় মূল দলের নিয়ন্ত্রণ সাবিনা গ্রুপের কাছে। আর যুবলীগের নিয়ন্ত্রণ আসলাম গ্রুপের হাতে।
জানতে চাইলে সাংসদ সাবিনা আক্তার প্রথম আলোকে বলেন, ‘তাঁর (আসলাম) সঙ্গে আমার দ্বন্দ্বের কথা বলতে চাই না। অতি উৎসাহীরা এ ঘটনায় ঘটিয়েছে। এখানে আমাদের কে পরবর্তী এমপি হবে, এটা পরের ব্যাপার। থানা কমিটি এবং আমরা মিলেমিশে রাজনীতি করি। আর যদি আমি ভালো কাজ করি, জনগণ যদি আমাকে চায়, পাশে থাকে, তাহলে এখানে নির্বাচন করব। তবে এটা এখনো অনেক দেরি। আমি এলাকায় জনপ্রিয়তা বজায় রাখার চেষ্টা করি।’ তিনি বলেন, ‘আমার ঢাকা এবং নাটোরের দায়িত্ব। আমার জন্ম মিরপুরে। আমি মিরপুরের ভোটার। এ জন্য এখানে উন্নয়নমূলক কর্মকাণ্ড করি। এটা অনেকে সহ্য করতে পারে না।’
স্থানীয় নেতারা বলেন, হরতালবিরোধীসহ বিভিন্ন দলীয় কর্মসূচি মিরপুর ১ নম্বর এলাকার বনফুল মিষ্টির দোকানের সামনে সাবিনা এবং মরণ চাঁদ এলাকায় আসলামের লোকজন আলাদা পালন করে থাকেন। অনেক সময় এক পক্ষ দলীয় কোনো কর্মসূচি দিলে অন্য পক্ষও পাল্টা কর্মসূচি পালন করে। তাঁদের দাবি, গত ১০ এপ্রিল আওয়ামী লীগের কমিটি (মিরপুর, দারুস সালাম ও শাহ আলী) ঘোষণা এবং সর্বশেষ ১৮ এপ্রিল গাবতলী বাস টার্মিনালের দখল নিয়ে দুই সাংসদের সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। গত রোববারের সংঘর্ষ এটাও একটা কারণ হতে পারে বলে তাঁদের ধারণা।
রোববারের সংঘাতের বিষয়ে সাংসদ আসলামুল হক প্রথম আলোকে বলেন, ‘এত বড় সংসারে টোকাটুকি লাগতেই পারে, এটা বিচ্ছিন্ন ঘটনা। এইটারে হাইলাইটস করার দরকার নাই। কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আমি আছি, দেখব।’ তিনি বলেন, ‘এখানে কারও সমর্থক নেই। একজনের আছে, সেইটা হলো শেখ হাসিনার সমর্থক। কেন্দ্রীয় নেতৃবৃন্দ কমিটি দিছে, ওই কমিটির সবার প্রতি আমার সমর্থন আছে।’
জানা গেছে, প্রধানমন্ত্রীর নির্দেশে গতকাল ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আসলাম ও সাবিনার পক্ষের লোকজনকে ডাকেন। ভবিষ্যতে এ ধরনের বিরোধে না জড়াতে দুই পক্ষকে কড়া হুঁশিয়ারি দেন তিনি। সেখানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ। তিনি বলেন, ‘দুই এমপি যেন আর সংঘর্ষে না জড়ান, এই জন্য তাঁদের ভুল-বোঝাবুঝির বিষয়টি মীমাংসা করে দেওয়া হয়েছে।’।’