রাজধানীর এলিফ্যান্ট রোডে বিভিন্ন হাসপাতাল, ব্লাড ব্যাংক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠান সিলগালা ও আট লাখ টাকা জরিমানা করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এ ছাড়া দুজনকে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বুধবার র্যা বের সহযোগিতায় অধিদপ্তর এ অভিযান চালায়।
অভিযানের বিষয়ে অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) অধ্যাপক সামিউল ইসলাম বলেন, এলিফ্যান্ট রোডের হলি ক্রিসেন্ট ব্লাড ব্যাংক এবং সঙ্গের আরেকটি অবৈধ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়েছে। ডায়াগনস্টিক সেন্টারটিতে কোনো টেকনিশিয়ান কিংবা ডাক্তার ছিলেন না। সেখানে এক ব্যাগ রক্তকে তিন ব্যাগ করাসহ বিভিন্ন জনস্বাস্থ্যবিরোধী কার্যক্রমের নমুনা পাওয়ায় সেখানকার ম্যানেজারকে এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়।
এ ছাড়া হলি ক্রিসেন্টের বিপরীত পাশে রিদম ব্লাড ব্যাংককে ২০ হাজার টাকা জরিমানা এবং এ জি খান নামের এক হোমিও ডাক্তারকে অবৈধভাবে ডায়াগনস্টিক সেন্টার পরিচালনার জন্য এক লাখ টাকা জরিমানা ও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
অন্যদিকে জেনারেল হাসপাতালে ব্লাড ব্যাংকের লাইসেন্স না থাকা সত্ত্বেও অস্বাস্থ্যকর উপায়ে রক্ত পরিসঞ্চালনের কাজ করা, রোগীর সংখ্যা অনুপাতে ডাক্তার না থাকাসহ বিভিন্ন অভিযোগে সাত লাখ টাকা জরিমানা করা হয়।