এলিফ্যান্ট রোডে পিডব্লিউডির দুই কর্মকর্তাকে ছুরিকাঘাত
এলিফ্যান্ট রোড এলাকায় গতকাল সোমবার দুপুরে গণপূর্ত অধিদপ্তরের (পিডব্লিউডি) দুই কর্মকর্তাকে ছুরিকাঘাত করা হয়েছে। আহত ব্যক্তিরা হলেন প্রতিষ্ঠানটির নিরাপত্তা কর্মকর্তা মো. সোহাগ (৩৫) ও সিনিয়র হিসাব সহকারী কর্মকর্তা মো. মোখলেসুর রহমান (৪৪)। পুলিশ জানায়, অভ্যন্তরীণ রাজনৈতিক কোন্দলের কারণে তাঁদের ছুরিকাঘাত করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুপুরে এলিফ্যান্ট রোডের স্টার কাবাবের সামনে কয়েক যুবকের সঙ্গে আহত দুজনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে যুবকেরা তাঁদের হাতে-পায়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে পুলিশ তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
আহত দুজন পিডব্লিউডিতে শ্রমিক রাজনীতির পাশাপাশি ২০ নম্বর ওয়ার্ড যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে নিউমার্কেট থানা-পুলিশ জানিয়েছে।
নিউমার্কেট থানার উপপরিদর্শক আবদুল হামিদ জানান, গতকাল দুপুরে তাঁরা এলিফ্যান্ট রোডে এক আওয়ামী লীগ নেতার সঙ্গে দেখা করতে এসেছিলেন। সেখান থেকে সেগুনবাগিচার অফিসে ফেরার পথে তাঁদের ছুরিকাঘাত করা হয়। তিনি বলেন, এ দুজনের রাজনৈতিক প্রতিপক্ষ হামলার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে।