এলোপাতাড়ি কুপিয়ে ট্রাকচালককে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় নুরুল আমিন (৪৫) নামের এক ট্রাকচালককে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরুল আমিনের বাড়ি উপজেলার পাহাড়তলী থানার নোয়াপাড়া এলাকায়। তিনি কনফিডেন্স সিমেন্ট কারখানার ট্রাকচালক ছিলেন। উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের সালেহ কার্পেট এলাকা থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।

সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) কামালউদ্দিন বলেন, ভোর সাড়ে চারটার দিকে তিনি ওই কারখানায় গাড়ি রেখে বাড়ি ফিরছিলেন। পথে অজ্ঞাত দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে তাঁকে হত্যা করে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে। সুরতহাল প্রতিবেদনে বলা হয়েছে, নিহত নুরুল আমিনের মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসানের ভাষ্য, পরিবারের সদস্যরা নুরুল আমিনের লাশ শনাক্ত করেছেন। এ ঘটনায় হত্যা মামলা করার প্রক্রিয়া চলছে।