এশিয়া এনার্জি-প্রধানের আগমনে উত্তপ্ত ফুলবাড়ি, কার্যালয় ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এশিয়া অ্যানার্জির প্রধান গ্যারি এন লাইয়ের আগমনের প্রতিবাদে আজ বুধবার বিক্ষোভ মিছিল করেন দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার সাধারণ মানুষ। ছবি: আসাদুল্লাহ সরকার
এশিয়া অ্যানার্জির প্রধান গ্যারি এন লাইয়ের আগমনের প্রতিবাদে আজ বুধবার বিক্ষোভ মিছিল করেন দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার সাধারণ মানুষ। ছবি: আসাদুল্লাহ সরকার

এশিয়া অ্যানার্জির প্রধান গ্যারি এন লাইয়ের আগমন ও এশিয়া এনার্জির সমর্থকদের নিয়ে সভা করায় আজ বুধবার দিনভর উত্তপ্ত ছিল দিনাজপুরের ফুলবাড়ি উপজেলা।

দুপুর ১২টার দিকে ফুলবাড়ির রাজারামপুর এলাকায় এশিয়া এনার্জির কার্যালয় ও গ্যারি এন লাইয়ের গাড়ি ভাঙচুর করেছে ক্ষুব্ধ জনতা। পরে পুলিশ গ্যারি এন লাইসহ এশিয়া এনার্জির কর্মকর্তা-কর্মচারীদের সেখান থেকে উদ্ধার করে দিনাজপুরে নিয়ে আসে।

গ্যারি এন লাইয়ের আগমন ও এশিয়া এনার্জির তৎপরতার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা রাজপথ ও রেলপথ অবরোধের ঘোষণা দিয়েছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।

এশিয়া এনার্জির একটি সূত্র জানায়, গ্যারি এন লাই গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সস্ত্রীক ফুলবাড়ীতে আসেন। শহরে এশিয়া এনার্জির গেস্ট হাউসে ওঠেন তাঁরা। তিনি তাঁর কোম্পানির লোকজন নিয়ে রাতে তিনটি বৈঠক করেন। সকাল ১০টার দিকে কোম্পানির কোর ইয়ার্ডে আরও একটি বৈঠক করেন। ওই মিটিংয়ে উপস্থিত ছিলেন ফুলবা​ড়ি উপজেলার সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম ও শ্রমিকনেতা নুরুজ্জামান। এক ঘণ্টা পর বৈঠক থেকে বেরিয়ে এসে ফুলবাড়ি শহরের নিমতলায় স্থানীয় লোকজনের সঙ্গে বৈঠক করে তাঁরা বিষয়টি অবহিত করেন।

দিনাজপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করেন ক্ষুব্ধ এলাকাবাসী। এ সময় তাঁরা টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। ছবি: আসাদুল্লাহ সরকার
দিনাজপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করেন ক্ষুব্ধ এলাকাবাসী। এ সময় তাঁরা টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। ছবি: আসাদুল্লাহ সরকার

এ খবর ফুলবাড়ি পৌর বাজারে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে এলাকাবাসী উত্তেজিত হয়ে ওঠেন। এ সময় তেল–গ্যাস–খনিজ সম্পদ ও বিদুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির ফুলবাড়ি শাখার নেতা-কর্মীরা ফুলবাড়ি শহরের নিমতলা মোড়ে অবস্থান নেন ও দিনাজপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করেন। বেলা ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত এ অবরোধ চলে। এতে মহাসড়কের উভয় দিকে শত শত যানবাহন আটকা পড়ে।

এ সময় বিভিন্ন মহল্লা থেকে খণ্ড খণ্ড মিছিল এসে অবরোধ স্থলে যোগ দেয়। এরপর ফুলবাড়ির পৌর মেয়র মর্তুজা সরকার মানিকের নেতৃত্বে ফুলবাড়ি সম্মিলিত পেশাজীবী সংগঠন অবরোধ স্থলে পৌঁছায়।

অবরোধ চলাকালে দেওয়া বক্তব্যে মানিক সরকার এক ঘণ্টার মধ্যে গ্যারি এন লাইকে ফুলবাড়ি ছাড়তে পুলিশ ও প্রশাসনকে আলটিমেটাম দেন। তবে ২ ঘণ্টা পেরিয়ে গেলেও গ্যারি ফুলবা​ড়ি না ছাড়ায় উত্তেজিত জনতা এশিয়া এনার্জির ফুলবাড়ি কার্যালয় ও কার্যালয়ের বাইরে গ্যারি এন লাইয়ের দুটি গাড়ি ভাঙচুর করেন।

ফুলবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরুজ্জামান ও ফুলবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম রেজাউল ইসলাম জানান, পুলিশ ব্যারিকেড দিয়েও জনতার ঢল সামলাতে পারেনি। পরে পৌর মেয়র মর্তুজা সরকার, সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম, শ্রমিকনেতা আবদুল্যা নুরুজ্জামানসহ নেতাদের সহযোগিতায় উত্তেজিত জনতাকে শান্ত করা সম্ভব হয়।

একপর্যায়ে কড়া পুলিশি পাহারায় গ্যারি এন লাই ও তাঁর স্ত্রীসহ এশিয়া এনার্জির ১০-১২ জন কর্মকর্তা-কর্মচারীকে তিনটি গাড়ি করে দিনাজপুরে নিয়ে যায় পুলিশ।

এশিয়া অ্যানার্জির প্রধান গ্যারি এন লাইয়ের দুটি গাড়ি ভাঙচুর করা হয়। ছবি: আসাদুল্লাহ সরকার দিনাজপুর অফিস
এশিয়া অ্যানার্জির প্রধান গ্যারি এন লাইয়ের দুটি গাড়ি ভাঙচুর করা হয়। ছবি: আসাদুল্লাহ সরকার দিনাজপুর অফিস

বিকেল সাড়ে চারটায় নিমতলা মোড়ে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি এক সভা করে। সভা থেকে আগামীকাল বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ফুলবাড়িতে রেল ও রাজপথ অবরোধ কর্মসুচি ঘোষণা করা হয়। সংগঠনের ফুলবাড়ী উপজেলা আহ্বায়ক মো. সাইফুল ইসলাম এ কর্মসূচি ঘোষণা করেন।

ফুলবাড়ি পৌরসভার মেয়র ও ফুলবাড়ি খনিবিরোধী আন্দোলনের অন্যতম নেতা মর্তুজা মানিক সরকার প্রথম আলোকে বলেন, কয়েক মাস আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জ্বালানি মন্ত্রণালয়ের এক সভায় খাদ্যনিরাপত্তা এবং মানুষের জীবন ও সম্পদের কথা উল্লেখ করে ‘ফুলবাড়িতে খনি বাস্তবায়নের কোনো পরিকল্পনা সরকারের নেই’ বলে ঘোষণা দিয়েছেন। তা সত্ত্বেও গ্যারি এন লাইয়ের ফুলবাড়িতে আসা এলাকাবাসীকে বিক্ষুব্ধ করেছে।

তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি ফুলবাড়ি উপজেলার সভাপতি মো. সাইফুল ইসলাম বলেন, ২০০৬ সালে খনিবিরোধী আন্দোলনে তিনজন নিহত হন। আহত হন দেড় শতাধিক মানুষ। অনেকে পঙ্গুত্ব বরণ করেন। আট বছর পর অত্যন্ত গোপনে হঠাৎ করে এশিয়া এনার্জি প্রধানের ফুলবাড়ি আগমন ও খনির পক্ষে ‘দালালদের’ নিয়ে সভা করা ফুলবাড়িবাসী মেনে নিতে পারেনি।

দিনাজপুরের জেলা প্রশাসক আহমেদ শামীম আল রাজী প্রথম আলোকে বলেন, গ্যারি এন লাই আসবেন, এ কথা প্রশাসন বা পুলিশ কাউকেও অবহিত করা হয়নি। জানা থাকলে তাঁকে প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়া হতো। তিনি ফুলবাড়ি শহরে এশিয়া এনার্জির কার্যালয়ে ছিলেন। আজ সকালে প্রশাসন তাঁর ফুলবাড়ি অবস্থানের কথা জানার আগেই বিক্ষুব্ধ জনতা এশিয়া এনার্জির কার্যালয় ভাঙচুর করেছে।

দিনাজপুরের পুলিশ সুপার মো. রুহুল আমিন প্রথম আলো‌কে বলেন , ফুলবাড়ি কয়লাখনি নিয়ে আন্দোলন দীর্ঘদিনের একটি ‘বার্নিং ইস্যু’। পুলিশ বা প্রশাসনকে না জানিয়ে গোপনে ফুলবাড়ি আসা গ্যারি এন লাইয়ের ঠিক হয়নি। এর ফলে প্রশাসনকে বিব্রত হতে হয়েছে।