পুলিশের উপপরিদর্শক (এসআই) আকরাম হোসেন সড়ক দুর্ঘটনায় মারা যাননি। তাঁকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তাঁর মৃত্যুর সাত দিন পর বোন জান্নাত আরা ঝিনাইদহ আদালতে একটি অভিযোগ দায়ের করেছেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।
আরজিতে উল্লেখ করা হয়, পরকীয়ার কারণে বাদীর (জান্নাত আরা) ভাই এসআই আকরাম হোসেন খুন হয়েছেন। আকরামের স্ত্রী বনানী বিনতে বশির প্রেমিক সাদিমুল হক মুন ও বনানীর বাবা-মা চক্রান্ত করে এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন। তাঁরা সন্ত্রাসীদের দিয়ে তাঁর ভাইকে কুপিয়ে আহত করে পরে সড়ক দুর্ঘটনা বলে প্রচার করেন।
বাদী জানান, চাকরির সুবাদে তাঁর ভাই আকরাম প্রায়ই বাইরে থাকতেন। এই সুযোগে ভাবি বনানীর সঙ্গে নিকটাত্মীয় মুনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে আকরাম স্ত্রী বনানীকে নিয়ে ঢাকায় চলে যান। এতে বনানী ক্ষিপ্ত হয়ে আকরামকে হত্যার চক্রান্ত করেন।
গত ২৮ ডিসেম্বর রাত ১১টার দিকে মোটরসাইকেলযোগে যমুনা সেতু হয়ে বাড়ি ফিরছিলেন এসআই আকরাম। পথে শৈলকুপার বড়দাহ এলাকায় একদল সন্ত্রাসী তাঁকে কুপিয়ে আহত করে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ১৩ জানুয়ারি তিনি মারা যান।