এসআই ও ৩ কনস্টেবলের বিরুদ্ধে হত্যার অভিযোগ
ঢাকার সাভারে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ইসমাইল হোসেনের স্ত্রী পুলিশের এক উপপরিদর্শক (এসআই), তিন কনস্টেবলসহ ১৩ জনের বিরুদ্ধে হত্যার অভিযোগে গত মঙ্গলবার ঢাকার মুখ্য বিচারিক হাকিমের আদালতে নালিশি মামলা করেছেন। আদালত মামলা আমলে নিয়ে সাভার মডেল থানাকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
যাঁদের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে, তাঁরা হলেন সাভারের বিরুলিয়া পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) এসআই তরিকুল ইসলাম, কনস্টেবল বাবুল, মোহসিন ও শামীম এবং এলাকার ফারুক, ইউসুফ, ফিরোজ আলী, আরিফ, আজিজুল, মাসুম, নিজাম, মিলটন ও হাসান আলী।
নিহত ইসমাইলের স্ত্রী লিমা আক্তার আরজিতে উল্লেখ করেন, এসআই তরিকুলসহ অন্যরা গত ৮ জুন রাতে তাঁর স্বামীকে সাভারের শ্যামপুরের বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এর কয়েক ঘণ্টা পরই তিনি জানতে পারেন, তাঁর স্বামীকে গুলি করে হত্যা করা হয়েছে। পরের দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে গিয়ে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা লাশ শনাক্ত করেন। এতে আরও উল্লেখ করা হয়, এ বিষয়ে তিনি (লিমা) সাভার মডেল থানায় মামলা করতে গেলেও পুলিশ মামলা নেয়নি। এ কারণে তিনি আদালতে হত্যার অভিযোগ দায়ের করতে বাধ্য হয়েছেন।
আদালত সূত্র জানায়, ঢাকার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মুস্তাফিজুর রহমান শুনানি শেষে সাভার মডেল থানাকে মামলাটি তদন্তের নির্দেশ দেন।
অভিযোগ অস্বীকার করে এসআই তরিকুল ইসলাম বলেন, একাধিক মামলার আসামি সন্ত্রাসী আল-আমিনকে গ্রেপ্তারে গত ৮ জুন রাতে ভবানীপুরে তাঁর বাংলোতে (আল-আমিন) অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আল-আমিন ও ইসমাইল দেয়াল টপকে পালানোর চেষ্টা করেন। ধাওয়া করে পুলিশ আল-আমিনকে আটক করে গাড়িতে তোলার চেষ্টা করে। এ সময় আল-আমিনের পরিবারের কয়েকজন নারী সদস্যসহ তাঁর সহযোগীরা পুলিশের ওপর হামলা চালান। তাঁরা প্রথমে চোখে বালু ছিটিয়ে দিয়ে পুলিশের কাছ থেকে আল-আমিনকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। ব্যর্থ হয়ে তাঁরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালান। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে আল-আমিনের লোকজন পুলিশের কাছ থেকে তাঁকে ছিনিয়ে নিয়ে যায়। আর ইসমাইল গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। তিনি বলেন, ইসমাইলকে তাঁর বাড়ি থেকে ডেকে আনা তো দূরের কথা, পুলিশ তাঁর বাড়িতেই যায়নি।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী ইসমাইল হত্যার ঘটনায় সাভার মডেল থানায় দায়ের করা আগের মামলার সঙ্গে লিমার অভিযোগেরও তদন্ত হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।