এসআই জাহিদ ফের তিন দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহিদুর রহমান
জাহিদুর রহমান

ঝুট ব্যবসায়ী মাহবুবুর রহমান সুজনকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুর রহমান ও পুলিশ সোর্স নাসিম শেখের ফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

আজ সোমবার ঢাকা মহানগর হাকিম অশোক কুমার দত্ত এ রিমান্ড মঞ্জুর করেন। খবর বাসসের। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের পরিদর্শক নিবারণ চন্দ্র বর্মন (ডিবি পশ্চিম) অধিক তথ্যের জন্য জিজ্ঞাসাবাদের প্রয়োজনে জাহিদ ও নাসিমের ছয় দিনের রিমান্ড আবেদন করেছিলেন। পরে আদালত শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

১৩ জুলাই রাতে এসআই জাহিদ ঝুট ব্যবসায়ী সুজনকে গ্রেপ্তার করেন রাজধানীর হাজারীবাগের বাসা থেকে। পরে পুলিশি হেফাজতে সুজনের মৃত্যু হয়। মিরপুর থানার পুলিশ ১৬ জুলাই এসআই জাহিদ ও পুলিশের তথ্যদাতা (সোর্স) নাসিম শেখকে ৫৪ ধারায় গ্রেপ্তার করে। মাহাবুবুর হত্যার ঘটনায় ১৭ জুলাই সকালে পুলিশ বাদী হয়ে এ দুজনসহ আটজনের বিরুদ্ধে মামলা করে।

ওই দিনই তাঁদের দুজনকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়ে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়। ওই রিমান্ড শেষে ২৩ জুলাই তাঁদের আদালতে নিয়ে আরও ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন ডিবির পরিদর্শক নিবারণ চন্দ্র। আদালত তাঁদের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, প্রথম দফা রিমান্ডে জিজ্ঞাসাবাদেই নিশ্চিত হওয়া গেছে, এসআই জাহিদের নির্যাতনে মাহাবুবুরের মৃত্যু হয়েছে। জাহিদ স্বীকারও করেছেন যে মাহাবুবুরকে গ্রেপ্তার-পরবর্তী সময়ে হেফাজতে রেখে তিনি নির্যাতন চালিয়েছেন। তবে কেন নির্যাতন করলেন, তা এখনো স্পষ্ট হয়নি।

নিহত ব্যক্তির পরিবারের অভিযোগ, চাঁদা চেয়ে না পেয়ে মাহাবুবুরকে নির্যাতন করেন জাহিদ। এ অভিযোগের তদন্ত হচ্ছে। আবার অন্য কেউ তাঁকে দিয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। আবার এটা নিছকই দুর্ঘটনাবশত ঘটেছে কি না, অর্থাত্ জিজ্ঞাসাবাদের সময় তিনি বাড়াবাড়ি কিছু করেছেন কি না, সে দিকটিও যাচাই করা হচ্ছে।