এসআই তাহমিনার আত্মহত্যা: স্বামী রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) তাহমিনা আত্মহত্যার ঘটনায় পুলিশ তাঁর স্বামী মোবারক হোসেনকে গ্রেপ্তার করেছে। গতকাল বুধবার তাহমিনার বাবা এ ঘটনায় মামলা করেন। সেখানে বলা হয়, স্বামীর নির্যাতন সইতে না পেরে তাহমিনা আত্মহত্যা করেছেন।

গতকাল বুধবার রাতে অফিসার্স কোয়ার্টারের বাসা থেকে মোবারককে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার আদালত তাঁর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

তাহমিনা গত শনিবার রাতে থানা কমপ্লেক্সের ভেতরে অফিসার্স কোয়ার্টারে নিজের বাসায় আত্মহত্যা করেন। তিনি মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন। এ ঘটনায় ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমানকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত শেষ হওয়ার আগেই গতকাল বুধবার রাতে তাহমিনার বাবা আবদুস ছালাম জামাতা মোবারক হোসেনের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা করেন।

মামলার বিবরণে বলা হয়েছে, তাহমিনার বড় ছেলে তানভীর আহমেদের জন্মের পর থেকে মোবারক তাঁর মেয়ের সঙ্গে খারাপ আচরণ করতে থাকেন। দ্বিতীয় সন্তান গর্ভে থাকা অবস্থায় নানা কারণে মোবারক তাহমিনাকে শারীরিকভাবে নির্যাতন করতেন। গত শনিবার দুপুর ১২টার দিকে তাহমিনা ওষুধ এনে দিতে বললে মোবারক অপারগতা প্রকাশ করেন। এ নিয়ে দুজনের মধ্যে তর্কবিতর্ক হয়। এর জের ধরেই তাঁর মেয়ে ওই দিন রাতে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) শওগাতুল আলম বলেন, পাঁচ দিনের রিমান্ড চেয়ে আজ বৃহস্পতিবার মোবারককে ঢাকার মুখ্য বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়। আদালত দুই দিন মঞ্জুর করেন।

শওগাতুল আলম বলেন, প্রাথমিক তদন্তে মনে হয়েছে তাহমিনা আত্মহত্যা করেছেন। তবে কী কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিলেন, তাঁর স্বামীকে জিজ্ঞাসাবাদের পর তা জানা যাবে।

তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান বলেন, এ বিষয়ে তদন্ত চলছে। শেষ না হওয়া পর্যন্ত তাহমিনার আত্মহত্যার কারণ নিশ্চিত করে বলা সম্ভব নয়। তবে প্রাথমিক তদন্তে মনে হয়েছে দাম্পত্য কলহের কারণেই তিনি আত্মহত্যা করেছেন।