এসআইয়ের বিরুদ্ধে বাদীর কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ
নরসিংদীর বেলাব থানার এক উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে ভুয়া অভিযোগপত্র দেখিয়ে মামলার বাদীর কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। পুলিশ সুপার ঘটনাটি তদন্ত করার নির্দেশ দিয়েছেন।
ওই মামলার বিবরণী এবং বাদী সোলায়মান হোসেনের সঙ্গে কথা বলে জানা গেছে, সোলায়মানের চাচাতো ভাই শওকত আলীর সঙ্গে দীর্ঘদিন ধরে তাঁর জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে পরস্পরের বিরুদ্ধে পাল্টাপাল্টি মামলাও হয়েছে। গত ১৫ জুন রাতে হানিয়াবাইদ এলাকায় শওকত হোসেন দলবল নিয়ে সোলায়মানের ওপর হামলা চালান। এ ঘটনায় সোলায়মান হোসেন বাদী হয়ে ২১ জুলাই জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে নালিশি মামলা দায়ের করেন। আদালতসংশ্লিষ্ট সব কাগজপত্র দেখে বেলাব থানাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এ মামলার তদন্তভার দেওয়া হয় বেলাব থানার এসআই আকতারুজ্জামানকে।
এর পর আকতারুজ্জামান বেলাব বাজারে সোলায়মানকে ডেকে হামলার ঘটনায় হাসপাতালের চিকিৎসা-সনদ লাগবে বলে তিন হাজার টাকা দাবি করেন। সোলায়মান বাজারের একটি কম্পিউটারের দোকানে বসে আকতারুজ্জামানকে দাবি করা টাকা দেন। পরবর্তী সময়ে মামলার তদন্তকাজের খরচ দেখিয়ে তাঁর মা আমেনা বেগম ও বোন মারকিন বেগমের কাছ থেকে এক হাজার টাকা করে এবং আসামি ধরার কথা বলে সোলায়মানের কাছ থেকে আরও দুই হাজার টাকা নেন আকতারুজ্জামান। এর কয়েক দিনের মধ্যেই অভিযোগপত্র দাখিল করতে খরচ লাগবে বলে বাদীর কাছে ৩০ হাজার টাকা দাবি করেন তিনি।
গত ৮ আগস্ট সোলায়মান বিকাশের মাধ্যমে আকতারুজ্জামানকে ১৬ হাজার টাকা দেন। ৩১ আগস্ট ভুয়া অভিযোগপত্রের ছায়ালিপি সোলায়মানের হাতে দেন ওই উপপরিদর্শক। এর পর ২৪ সেপ্টেম্বর দুপুরে মামলার আসামিদের সঙ্গে নিয়ে আকতারুজ্জামান সোলায়মানের বাড়িতে গিয়ে তাঁকে মামলা মীমাংসা করতে বলেন। এতে রাজি না হওয়ায় সোলায়মানকে ধরে জঙ্গি সদস্য বানিয়ে এবং অন্যান্য মামলায় আসামি করে মারপিট করা হবে বলে হুমকি দেন তিনি। পাশাপাশি হাসপাতালের চিকিৎসা-সনদ ভুয়া এবং মামলার বাদী খারাপ লোক—এই মর্মে ৩০০ এলাকাবাসীর সই নেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়। পরবর্তী সময়ে মামলার সাক্ষীদের নিয়ে বাদীকে থানায় হাজির হওয়ার জন্য ২৮ সেপ্টেম্বর, ১ ও ১২ অক্টোবর পর্যায়ক্রমে নোটিশ দেন আকতারুজ্জামান। এ অবস্থায় সোলায়মান ভুয়া অভিযোগপত্রের ছায়ালিপি নিয়ে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দেন। এ ঘটনায় পুলিশ সুপার তিন দিনের সময় বেঁধে দিয়ে গত রোববার জেলা গোয়েন্দা কর্মকর্তা (ডিআইও-১) শহীদুর রহমানকে বিষয়টি তদন্ত করার নির্দেশ দেন।
আকতারুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘আমি বাদীর কাছ থেকে কোনো টাকা নিইনি। আর মামলা বর্তমানে তদন্তাধীন রয়েছে। ওই অভিযোগপত্র আমি দিইনি।’