ঝিনাইদহের মহেশপুর থানার পুলিশের এক উপপরিদর্শকসহ (এসআই) দুজনের বিরুদ্ধে এক তরুণকে নির্যাতনের অভিযোগে চুয়াডাঙ্গার আদালতে মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার জীবননগরের আমলি আদালতে মামলাটি করেন উপজেলার হাসাদহ গুচ্ছপাড়ার পাংকি মিয়ার স্ত্রী বেদেনা খাতুন।
জীবননগরের আমলি আদালতের অতিরিক্ত দায়িত্বে থাকা মুখ্য বিচারিক হাকিম এ বি এম মাহমুদুল হক অভিযোগটি আমলে নিয়ে জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবদুল হালিমকে তদন্তের নির্দেশ দিয়েছেন। দুই আসামি হলেন এসআই হাফিজ এবং শাহীন আলম নামের এক ব্যক্তি।
মুঠোফোনে যোগাযোগ করা হলে এসআই হাফিজ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি ঝিনাইদহ জেলায় চাকরি করি। আর বেদেনার বাড়ি চুয়াডাঙ্গায়। অন্য কেউ আমার নাম ব্যবহার করে সেখানে যেতে পারেন। বেদেনা এলাকার শীর্ষ মাদক কারবারি হিসেবে পরিচিত।’ তিনি দাবি করেন, ওই থানায় শাহীন আলম নামে কোনো উপপরিদর্শক নেই। ঝিনাইদহ জেলা পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ থেকেও জানানো হয়, ওই নামে কোনো উপপরিদর্শক নেই।
আরজিতে বেদেনা খাতুন বলেন, ৪ জানুয়ারি বেলা তিনটায় তিনি ও তাঁর ছেলে মোশারফ (২৬) বাড়িতে ছিলেন। সে সময় পুলিশের ওই দুই উপপরিদর্শক স্থানীয় তথ্যদাতার প্ররোচনায় বাড়িতে আসেন। এরপর তাঁকে ও মোশারফকে নিয়ে একটি ঘরে বসেন। এরপর সাদাপোশাকে থাকা দুই উপপরিদর্শক নিজেদের গোয়েন্দা পুলিশের (ডিবি) কর্মকর্তা পরিচয় দিয়ে কোমর থেকে পিস্তল বের করে মোশারফের মাথায় ধরেন। ফেনসিডিল ব্যবসার অভিযোগ এনে তাঁর (মোশারফ) কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। তিনি (বেদেনা) ও মোশারফ নিজেদের গরিব কৃষক উল্লেখ করে টাকা দিতে অপারগতা প্রকাশ করেন। এ সময় তথ্যদাতা ও দুই পুলিশ কর্মকর্তা মোশারফকে হাতকড়া পরিয়ে ঘর থেকে টেনেহিঁচড়ে বের করে মোটরসাইকেলে করে নিয়ে যান। এরপর ডান্ডাবেড়ি পরিয়ে পিস্তল ও লাঠি দিয়ে দুই পায়ের তলা, দুই হাঁটু, কোমর ও বাঁ চোখে আঘাত করে গুরুতর জখম করে মহেশপুর থানা চত্বরে মোশারফকে ফেলে রাখেন তাঁরা। পরে বেদেনা খাতুন হাসাদহের রিংকু, আনোয়ার, তরিকুল ও সাঈদকে সঙ্গে নিয়ে মহেশপুর থানা থেকে মোশারফকে উদ্ধার করেন। এরপর তাঁকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম বলেন, ‘আমরা থানা চত্বরে এ রকম কোনো ঘটনা ঘটেনি। আর শাহীন আলম নামের কোনো উপপরিদর্শক এখানে কর্মরত নেই।’
জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মাহমুদ বিন হেদায়েত বলেন, ৫ জানুয়ারি সন্ধ্যায় মোশারফকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর শরীরে জখমের বেশ কিছু চিহ্ন ছিল।