এসআইয়ের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা শাহ নিজামের ক্যাডাররা এবার পুলিশের ওপর হামলা করে রফেদ আলী নামের এক আসামিকে ছিনিয়ে নিয়েছে বলে খোদ পুলিশ অভিযোগ করেছে। গতকাল রোববার দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার নয়ামাটি এলাকায় এ ঘটনা ঘটে। সন্ত্রাসীদের হামলায় ফতুল্লা মডেল থানার এসআই জিন্নাহ আহত হন।
পুলিশ সূত্র জানায়, গত শুক্রবার শহরের চাষাঢ়ায় বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী উপলক্ষে জেলা ছাত্রলীগ আয়োজিত শোক সমাবেশে যোগ দিতে আসার সময় দলীয় কোন্দলের জের ধরে জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক শাহ নিজামের অনুসারীরা প্রতিপক্ষ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের নেতা জুয়েল ও তাঁর অনুসারী সোহাগকে মারধর করে। এ ঘটনায় জুয়েল গত শনিবার ফতুল্লা মডেল থানায় শাহ নিজামের ১২ অনুসারীকে আসামি করে মামলা করেন। গতকাল দুপুরে ফতুল্লা মডেল থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা জিন্নাহ ওই মামলার আসামি রফেদকে নয়ামাটি এলাকা থেকে গ্রেপ্তার করেন। এ সময় শাহ নিজামের অনুসারীরা পুলিশের ওপর হামলা করে রফেদকে ছিনিয়ে নেয়।
এসআই জিন্নাহ বলেন, ‘গতকাল দুপুরে আমি অপর একটি মামলার তদন্তকাজে নয়ামাটি যাই। ওই সময় যুবলীগ নেতা জুয়েল ও সোহাগকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলার আসামি রফেদ একটি মোটরসাইকেলে চড়ে সেখানে আসেন। সোর্স চিনিয়ে দিলে আমি তাঁকে গ্রেপ্তার করি। ওই সময় রফেদ নিজেকে খোকন বলে পরিচয় দিয়ে ছাড়া পাওয়ার চেষ্টা করেন। এতে ব্যর্থ হলে রফেদের সহযোগীরা আমার ওপর হামলা চালিয়ে তাঁকে ছাড়িয়ে নেয়।’
এসআই জিন্নাহ আরও বলেন, ‘আটক হওয়া ব্যক্তি রফেদ না হলে তাঁর লোকজন আমার ওপর হামলা করে তাঁকে ছিনিয়ে নিত না।’ এসআই পরে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানান।