এসআইয়ের বাসা থেকে খোয়া গেল অস্ত্র ও গুলি
দিনদুপুরে চট্টগ্রাম নগরের আকবর শাহ থানার এক উপপরিদর্শকের (এসআই) বাসা থেকে তাঁর নিরাপত্তার জন্য বরাদ্দকৃত পিস্তল ও ১৬টি গুলি খোয়া গেছে। এ ঘটনায় এসআই জাফর আহমেদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে এসআইয়ের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি খোয়া যায়। বাসাটি থানা ভবনের পাশেই।
এ ঘটনায় এসআই জাফর আহমেদ বাদী হয়ে ওই দিন রাতেই আকবর শাহ থানায় মামলা করেন। সেদিন রাতেই চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার মো. ইকবাল বাহারের নির্দেশে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। বরখাস্ত হওয়া এসআই জাফর আহমেদ গতকাল শুক্রবার দুপুরে প্রথম আলোকে বলেন, ‘থানার পাশে একটি ভাড়া বাসায় থাকি। বাসায় আরেকজন পুলিশ সদস্য থাকেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বাসায় অস্ত্র-গুলি রেখে থানায় অন্য কাজে বেরিয়েছিলাম। ১২টার দিকে বাসায় গিয়ে দেখি অস্ত্র-গুলি নেই। কপালের দুঃখ, কী আর করা।’
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (পশ্চিম) শেখ শরীফুল ইসলাম বলেন, অস্ত্র-গুলি খোয়া যাওয়ার ঘটনায় এসআই জাফর আহমেদকে কমিশনারের নির্দেশে সাময়িক বরখাস্ত করা হয়েছে।