এসআইয়ের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানার এসআই মাসুদ রানার বিরুদ্ধে জিডি করে দেওয়ার জন্য এক প্রবাসীর কাছে ঘুষ চাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার তিনি ইউএনও ও ওসির কাছে লিখিত অভিযোগ করেছেন। তবে ওই এসআই ঘুষ চাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন।
ইউএনও, ওসি এবং অভিযোগকারী ব্যক্তির সঙ্গে কথা বলে জানা গেছে, গত ১ আগস্ট উপজেলার ইমামনগর গ্রামের প্রবাসী আবদুল কবির সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি থেকে বাঞ্ছারামপুর যাওয়ার পথে তাঁর পাসপোর্টটি হারিয়ে ফেলেন। এ বিষয়ে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে তিনি বাঞ্ছারামপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করতে যান। জিডি করতে থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ রানা আবদুল কবিরের কাছে এক হাজার টাকা ঘুষ দাবি করেন। ঘুষ না দেওয়ায় জিডি না করে তিনি তাঁকে গালিগালাজ করেন। পরে দুপুর সাড়ে ১২টার দিকে তিনি বিষয়টি মৌখিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ করেন।
আবদুল কবির বলেন, ‘হারানো পাসপোর্টের বিষয়ে জিডি করতে গেলে এসআই মাসুদ আমার কাছে ১ হাজার টাকা ঘুষ দাবি করেন। আমি এই বিষয়টি ইউএনও স্যারকে জানালে তিনি ওসি সাহেবের কাছে আমাকে পাঠিয়ে দেন। পরে আমি ওসি স্যারকে লিখিতভাবে বিষয়টি জানিয়েছি।’
এসআই মাসুদ রানা বলেন, ‘আমি কোনো টাকা দাবি করিনি, আমাদের যে রাইটার আছে সে দাবি করেছে হয়তো।’
এ বিষয়ে ওসি অংশ কুমার দেব বলেন, জিডি করতে ১ হাজার টাকা ঘুষ চাওয়ার বিষয়ে লিখিত একটি অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।